জালাল তালাবানি ইরাকের নতুন প্রেসিডেন্ট, আল-জাফরি প্রধানমন্ত্রী
অর্ধ শতাব্দী পর ইরাকের ’প্রথম গণতান্ত্রিক নির্বাচন’ অনুষ্ঠিত হয়েছে গত ৩০ জানুয়ারি। তারই পরবর্তী ধাপে বাগদাদে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন একজন কুর্দি এবং প্রধানমন্ত্রী হবেন একজন শিয়া ধর্মাবলম্বী।
উল্লেখ্য, সাদ্দামের পতনের মধ্যে দিয়ে ইরাকে সুন্নীদের দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য খর্ব হয়েছে। খবর বার্তা সংস্থার।
ইরাকের নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা দীর্ঘ আলোচনার পর ঐকমত্যে পৌঁছেছেন যে, কুর্দি নেতা জালাল তালাবানি প্রেসিডেন্ট এবং শিয়া নেতা আদেল আব্দুল মাহদী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট সুন্নী নেতা গাজী আল-যবর ভাইস প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নেবেন।
সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘদিন ধরে চাপের মধ্যে থাকা সংখ্যাগরিষ্ঠ শিয়া এবং নির্যাতিত কুর্দীরা এখন ইরাকের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। গত ৩০ জানুয়ারি সাধারন নির্বাচনের পর ইরাকের ২৭৫ জন পার্লামেন্ট সদস্য গণতান্ত্রিক পদ্বতিতে নির্বাচিত হন।
এসব আইনপ্রণেতারা দেশের প্রধানমন্ত্রী হিসেবে শিয়া নেতা ইব্রাহিম আল-জাফরিকে পছন্দ করেন। তিনি বৃহস্পতিবার শপথ নিবেন। আগামী ১৫ আগষ্টের মধ্যে ইরাকে একটি স্থায়ী সংবিধান প্রণীত হবে।
নবনির্বাচিত অর্ন্তবর্তীকালীন সরকার ইরাকে গণতন্ত্রের বিকাশ, আগামী নির্বাচনের ভিত্তি মজবুত করা, স্থায়ী সরকার প্রতিষ্ঠা এবং মার্কিন সেনা প্রত্যাহারের লক্ষ্যে কাজ করবে।
