ইরাকের প্রধানমন্ত্রী বোমাহামলা থেকে প্রাণে বেঁচে গেলেন
ইরাকের বিদায়ী প্রধানমন্ত্রী আইয়াদ আলাবি বাগদাদে তার গাড়ি বহরের পাশে একটি আত্মঘাতী বোমাহামলা থেকে আবারও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। বৃহস্পতিবার আইয়াদ আলাবির একজন মুখপাত্র একথা জানান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
প্রধানমন্ত্রীর মুখপাত্র আরও জানান, পশ্চিম বাগদাদের জাওয়া পার্কের কাছে ওই আত্মঘাতী বোমাহামলায় কমপক্ষে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। আলাবি নতুন সরকারের সাথে আলাপ আলোচনার পর বাগদাদে ফিরছিলেন।
বার্তাসংস্থা আরও জানায়, নতুন সরকার গঠন বিলম্বিত করতেই গেরিলারা বোমাহামলা চালিয়ে থাকতে পারে। বুধবার আলাবিকে হত্যার উদ্দেশ্যে গেরিলারা কমপক্ষে পাঁচটি বোমা বিস্ফোরণ ঘটায়।
আলাবির মুখপাত্র বলেন, এর আগেও আলাবি কমপক্ষে পাঁচবার গেরিলাদের হামলার শিকার হন। আলাবির বাড়ি এবং তার দলের সদর দফতরের কাছে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী এবারও তার গাড়িবহর লক্ষ করে বোমা বিস্ফোরণ ঘটে। একই স্থানে এর আগেও তিনি বেশ কয়েকবার হামলাকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন।
