বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে বার্মা
বার্মার সেনাবাহিনী সেদেশের বিদ্রোহীদের দমনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে একটি আন্তর্র্জাতিক মানবাধিকার সংস্থা।
ক্রিশ্চিয়ান সলিডারিটি ওয়ার্ল্ড ওয়াইড জানায়, থাইল্যান্ডের সঙ্গে বার্মার উত্তর-পশ্চিম সীমান্তে গত ফেব্র“য়ারি মাসে কারেন বিদ্রোহীদের ওপর এই রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা হয়। এর ফলে বিদ্রোহী যোদ্ধারা রক্ত বমি করতে শুরু করে এবং হাঁটাচলা করতে অসমর্থ হয়ে পড়ে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নিজস্ব স্বদেশভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে মায়ানমারের কারেন বিদ্রোহীরা দীর্ঘ ৫৫ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদেরকে দমনের জন্য মায়ানমার সেনাবাহিনী অনেক বর্বরোচিত হামলা চালিয়েছে। এসব বিদ্রোহীরা আশ্রয় নিয়েছে থাইল্যান্ডের জঙ্গলে।
থাই শহর ম্যা হং সন থেকে মায়ানমার সীমান্তের ১০ মাইল ভেতরে এই রাসায়নিক হামলা চালানো হয়। বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিষাক্ত শেল নিক্ষেপ করলে হলুদ রঙের ধোঁয়া নির্গত হতে থাকে এবং খুব অল্প সময়েই চারিদিক ছেয়ে যায়। এ হামলার ফলে বিদ্রোহীরা অসুস্থ হয়ে পড়ে। ঘনঘন রক্ত বমি, ডায়েরিয়ায় তারা আক্রান্ত হয় ও চলনশক্তি হারায়।
মানবাধিকার সংস্থা ক্রিস্টিনা সলিডারিটি ওয়ার্ল্ড ওয়াইড এর সভাপতি এবং অস্ট্রেলিয়ার চিকিৎসক ডা. মার্টিন পেন্টার দুর্ঘটনাস্থলে যান এবং অসুস্থ ৫ জনকে পরীক্ষা করেন। তিনি বলেন, রাসায়নিক অস্ত্র প্রয়োগ করলে যে পরিণতি ঘটে, তার পূর্ণ লক্ষণ দেখা গেছে আক্রান্তকারীদের মধ্যে।
যুক্তরাজ্যের বৈদেশিক বিভাগ অভিযোগের সত্যতা যাচাই এবং সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করবে। লন্ডনের মায়ানমার দূতাবাস এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকার করে।
