পাক-ভারত বাস সার্ভিসের যাত্রী তালিকা গোপনে জঙ্গীদের হাতে। নিরাপত্তা জোরদার
ভারতের শ্রীনগর এবং পাকিস্তানের মোজাফ্ফরবাদের মধ্যে বহু প্রতীক্ষিত বাস সার্ভিস আগামী ৭ এপ্রিল চালু হতে যাচ্ছে। পাকিস্তান ভ্রমণের জন্য ভারতীয় যাত্রীদের প্রথম তালিকা গোপনে ভারতের জঙ্গি সংগঠনগুলোর কাছে চলে গেছে। এটা কিভাবে সম্ভব হলো এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাস সার্ভিসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। জঙ্গীরা এ বাস সার্ভিসের চরম বিরোধী। তার যাত্রীদের হত্যার হুমকি দিয়েছে। যেসব যাত্রী ভ্রমণ করার পরিকল্পনা গ্রহণ করেছে, তারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে বলে জঙ্গিরা জানায়। তাদের মতে, এ ভ্রমণ দেশের সাথে বিশ্বাসঘাতকতারই নামান্তর।খবর সংবাদ সংস্থার।
ভারতের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুুল্লা বলেন, গোয়েন্দা বিভাগের চরম ব্যর্থতার কারণেই যাত্রীদের ঠিকানা সম্বলিত তালিকা জঙ্গি সংগঠনগুলো পেয়েছে।
ভারতের সীমান্ত বরাবর এলাকার উগ্রবাদী জঙ্গি সংগঠনগুলো বাস সার্ভিসের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু এ ব্যাপারে পাকিস্তানি নেতৃবৃন্দের কোনও উদ্বেগ-উৎকন্ঠা নেই।
বিদ্রোহীদের হুমকির পর বাস সার্ভিসের ব্যাপারে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে ৪০ যাত্রীর নাম অনুমোদনের জন্য পাকিস্তানে পাঠানো হয়েছিল। কিন্তু প্রথম তালিকায় ভ্রমণের জন্য মাত্র ২৯ যাত্রী পাকিস্তানের অনুমোদন পেয়েছে। দু’দেশের চুক্তি মোতাবেক ৩০ জন যাত্রী ভ্রমণ করতে পারবে বলে জানা যায়। অন্যদিকে মোজাফ্ফরবাদের জেলা ম্যাজিস্ট্রেট জানান, ৭ এপ্রিল পাকিস্তান ভ্রমণের জন্য জম্মু-কাশ্মিীরের শীর্ষ পর্যায়ের ১০ নেতার নাম পাকিস্তানে পাঠানো হয়েছে।
