আচেহ প্রদেশে সুনামি-উত্তর পুনর্গঠনে ইন্দোনেশিয়ার দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা
গত ডিসেম্বরে সুনামি আক্রান্ত আচেহ প্রদেশের পুনর্গঠনে ইন্দোনেশিয়া পাঁচ বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ইন্দোনেশিয়ায় সুনামির কারণে কমপক্ষে ২ লাখ ২০ হাজার মানুষ মারা গেছে। এর বেশির ভাগই আচেহ প্রদেশের। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সরকারি কর্মপরিকল্পনায় আগামী পাঁচ বছরে আচেহ প্রদেশের পুনর্গঠন কাজকেই প্রাধান্য দেয়া হয়েছে। আশা করা হচ্ছে আচেহ প্রদেশে পুনর্গঠন সংক্রান্ত কাজ নির্ধারিত সময়ের আগেও শুরু করা হতে পারে।
১২ খণ্ডের ওই কর্মপরিকল্পনায় সকল বিষয়ই বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে ধর্ম, সংস্কৃতি, রাস্তাঘাট পুনর্নির্মাণ ছাড়াও কর্মসংস্থানের বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে।
কিন্তু এ কর্ম পরিকল্পনা বাস্তবায়নের কৌশল কি হবে তা বিস্তারিত বলা হয়নি। কর্মপরিকল্পনার খুঁটিনাটি বিষয় চুড়ান্ত করার জন্য নতুন একটি নির্বাহী বোর্ড গঠন করা হবে; বোর্ডে কারা কারা নিয়োগ পাবেন তা এখনও চুড়ান্ত করা হয়নি।
পুনর্গঠন পরিকল্পনার আওতায় আচেহ প্রদেশের জন্য বিদেশী সাহায্য গ্রহণ করা হবে কিনা তা এখনও পরিষ্কার নয়।
ইন্দোনেশিয়ার সরকার ওই প্রদেশে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কর্মকান্ড পুনর্বিবেচনা করে দেখছে। ত্রান কার্যক্রমে যেসকল সংগঠন অংশ নিচ্ছে সেগুলোর কয়েকটিকে আচেহ প্রদেশ ত্যাগ করতে বলা হতে পারে।
তবে স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিস্তর পরিকল্পনার চেয়ে বিস্তর কাজ দরকার, যা জনগণের উপকারে লাগবে।
