সীমান্তে সব ধরনের সহিংসতা বন্ধে পাকিস্তানকে ভারতের হুশিয়ারি
শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানকে অবশ্যই সীমান্তে সব ধরনের সহিংস কার্যক্রম বন্ধ করতে হবে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং বুধবার এ হুশিয়ারি উচ্চারণ করেন।
নয়াদিল্লিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইসের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় মন্ত্রী বলেন, পাকিস্তানের সাথে শান্তি স্থাপন প্রক্রিয়ায় আমরা অঙ্গীকারের ক্ষেত্রে কোন ধরনের সন্দেহের অবকাশ রাখতে চাই না।
তবে তিনি আরো উল্লেখ করেন, ভারতের বিরুদ্ধে সীমান্ত সহিংসতা পুরোপুরি নিরসনে পাকিস্তান তার অঙ্গীকার পুরোপুরি বাস্তবায়ন করবে এই ব্যাপারটি গুরুত্বপূর্ণ।
কাশ্মীরে পাকিস্তান ইসলামী জঙ্গিবাদীদের সমর্থন করছে বলে ভারতের অভিযোগ রয়েছে। কাশ্মীরের অংশ বিশেষ ভারত ও পাকিস্তানে পড়েছে। কিন্তু উভয় দেশই পুরো কাশ্মীরের পূর্ণ দখল প্রচেষ্টায় রয়েছে।
ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে এবং বলে যে পাকিস্তান শুধু কাশ্মীরীদের নিজস্ব স্বাধীনতা সংগ্রাম সমর্থন করে।
নটবর সিং বলেন, “পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। আমরা পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে অভ্যর্থনা জানানোর জন্য প্রতীক্ষায় রয়েছি।”
পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান ভারত সফরের একটি ম্যাচ দেখার জন্য ভারতের পক্ষ থেকে পাকিস্তানের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নটবর সিংয়ের সঙ্গে আলোচনা শেষে রাইস শান্তির জন্য নেয়া উভয় দেশের পদক্ষেপের প্রশংসা করেন। বুধবার আরো পরের দিকে রাইসের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিলো।
রাইস বলেন, “পাকিস্তানের সঙ্গে বহুমাত্রিক আলোচনার ব্যাপারে আমেরিকার সমর্থনের বিষয়টি নিয়েও আমরা কথা বলার সুযোগ পেয়েছি। ভারতে ক্ষমতা বদলের প্রেক্ষাপটে ভারতীয় প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সমর্থ হয়েছেন আমরা তার প্রশংসা করি। আলোচনা অগ্রসর হওয়ার ব্যাপারটি উৎসাহব্যঞ্জক আর প্রকৃতপক্ষে এর গতি বৃদ্ধিই পেয়েছে এবং আমরা সম্ভাব্য যে কোন উপায়ে তা এগিয়ে নিতে আগ্রহী।”
গত বছরের জানুয়ারিতে দুই দেশ ধীর গতির শান্তি আলোচনা শুরু করে এবং গত মাসে তারা বিভক্ত কাশ্মীরের দুই অংশের মধ্যে একটি বাস যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করে যেটি শান্তি আলোচনা সফল হওয়ার একটি ইঙ্গিত।
সরকারী হিসাবমতে ১৯৮৯ সালে কাশ্মীর বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে প্রায় ৪০,০০০ লোক মারা গেছে।
