মাওবাদী বিদ্রোহীদের খবর প্রকাশে রাজকীয় নিষেধাজ্ঞা
নেপাল সরকার মাওবাদী বিদ্রোহীদের কোনও প্রকার সংবাদ প্রকাশ করার ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। রাজা বীরেন্দ্রের অভ্যুত্থান এবং মন্ত্রী পরিষদ গঠনের এক মাসের মাথায় স্বাধীন সংবাদ মাধ্যমের ওপর সেন্সরশীপ আরও কঠোর করা হল।
তথ্যমন্ত্রনালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অনুমোদিত খবর ছাড়া বিদ্রোহীদের ব্যাপারে অন্য কোনও সুত্রে প্রাপ্ত খবর পত্র-পত্রিকায় ছাপার যোগ্য বলে বিবেচিত হবে না। উলে¬খ্য মাওবাদী বিদ্রোহীরা রাজতন্ত্রের বিলুপ্তি ঘটিয়ে কমিউনিস্ট শাসন কায়েম করতে চায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
রাজা নেপালে জরুরি অবস্থা ঘোষণার সাথে সাথেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এ পর্যন্ত রেডিও, টেলিভিশন কিংবা পত্রপত্রিকায় সেন্সরবিহীন কোনও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করা সম্ভব হয়নি। সেনা সদস্যরা নিয়মিত প্রচার মাধ্যমগুলোর কার্যালয়ে যাতায়াত করছে এবং রাজার ক্ষমতা গ্রহনের ব্যাপারে কোনও বিরূপ সমালোচনা যাতে প্রকাশ না করা হয় সে মর্মে সর্তক করে দিচ্ছে।
মাওবাদী বিদ্রোহীরা রাজতন্ত্র বিরোধী সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে তথ্য মন্ত্রণালয় বলছে, সরকারি আদেশ কেউ যদি অমান্য করে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তবে কি ধরনের শাস্তি ভোগ করতে হবে তার কোনও ব্যাখ্যা দেয়া হয়নি।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসীদের সহায়ক কিংবা সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক কার্যক্রমের সমর্থক কোনও মতামত বা খবর যাতে সংবাদ মাধ্যমের প্রশয় না পায় সেজন্যই এ নিষেধাজ্ঞা।
কাঠমান্ডুতে জেলা কর্তৃপক্ষের কার্যালয়ে পত্রিকার সম্পাদকদের তলব করে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে যে, নিষেধাজ্ঞা অমান্য করলে প্রয়োজনে তাদের পত্রিকা বন্ধ করে দেওয়া হবে।
মাওবাদী বিদ্রোহী নেতার উদ্বৃতি দিয়ে বিদ্রোহীদের দু’সপ্তাহের হাইওয়ে অবরোধের খবর প্রচারের কারনে সম্পাদকদের অনেককেই কটু কথা শুনতে হয়েছে।
