২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে শিয়ারা এগিয়ে

চলতি মাসের মাঝামাঝিতে ইরাকে অনুষ্ঠিত পার্লামেন্টে নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে ক্ষমতাসীন সরকারে প্রভাবশালী শিয়া সম্প্রদায় এগিয়ে রয়েছে। তবে সম্প্রদায়গত ও ধর্মীয়ভাবে ইরাক যে বিভক্ত হয়ে পড়েছে প্রাথমিক ফলাফলে তা স্পষ্ট হয়ে উঠেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ইরাকের অনেক এলাকাতেই শিয়া ও সুন্নি সম্প্রদায় এগিয়ে রয়েছে। এর ফলে ইরাকিরা আরও বেশি ধর্মপ্রবণ অথবা ডানপন্থি হয়ে যাচ্ছে বলে ধারনা করা হচ্ছে।

এখন পর্যন্ত প্রকাশিত ফলাফল দেখে বোঝা গেছে, গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিসতানির সমর্থনপুষ্ট শিয়া সম্প্রদায়ের জোট ইউনাইটেড ইরাকি অ্যালায়েন্স এককভাবে সরকার গঠন করার মত প্রয়োজনীয় ১৮৪টি পার্লামেন্ট আসন পাবে না।

সুপ্রিম কাউন্সিল ফর দ্য ইসলামিক রেভ্যুলুশন ইন ইরাকের শীর্ষ কর্মকর্তা রিধা জাওয়াদ তাকি বলেছেন, ইউনাইটেড ইরাকি অ্যালায়েন্স ১৩০টির মত আসন পেতে পারে।

শিয়া জোটের নেতৃত্ব দিচ্ছেন দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব আব্দুল আজিজ আল-হাকিম।

বৃহস্পতিবারের নির্বাচনের প্রাথমিক ফলাফল থেকে দেখা গেছে, ইউনাইটেড ইরাকি অ্যালায়েন্স রাজধানী বাগদাদ ও শিয়া-অধ্যুষিত দক্ষিণাঞ্চলে শিয়ারা শক্তিশালী অবস্থান গড়তে সমর্থ হবে।

কুর্দিরা উত্তরাঞ্চলের তিনটি প্রদেশে অপরাপর রাজনৈতিক জোটের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে এবং সেখানে তারা নিরঙ্কুশ বিজয় পাবে বলে ধারনা করা হচ্ছে।

সুন্নি-অধ্যুষিত ইরাকের চারটি প্রদেশের মধ্যে সালাহউদ্দিনের নির্বাচনের ফলাফলে দেখা গেছে, সুন্নি আরব সংখ্যালঘুরা সেখানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে যাচ্ছে।

নির্বাচন কর্মকর্তারা বলেছেন, বাগদাদ প্রদেশে প্রদত্ত ভোটের ৮৯ শতাংশ গণনা করা হয়েছে। তন্মধ্যে ইউনাটেড ইরাকি অ্যালায়েন্স ৫৯ শতাংশ ভোট পেয়েছে।

দ্য সুন্নি আরব ইরাকি অ্যাকর্ডেন্স ফ্রন্ট ১৯ শতাংশ এবং আইয়াদ আলাবির নেতৃত্বাধীন ইরাকি ন্যাশনাল লিস্ট ১৪ শতাংশ ভোট পেয়েছে।

দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের নির্বাচনের ফলাফলে দেখা গেছে, শিয়া জোট ৬১২,২০৬ ভোট, আলাবির দল ৮৭,১৩৪ ভোট এবং সুন্নি ইরাকি অ্যাকর্ডেন্স ফ্রন্ট ৩৬,৯৯৭ ভোট পেয়েছে। সেখানে ৯৮ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে।

সাদ্দামের নিজের শহর সালাহউদ্দিনে ইউনাইটেড ইরাকি অ্যালায়েন্স আট শতাংশেরও কম ভোট পেয়েছে। সেখানে আলাবির জোট পেয়েছে ১০ শতাংশ ভোট। বাকি ভোট পেয়েছে সুন্নি আরব গ্র“প।