২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের নির্বাচন সহিংসতা বন্ধ করতে পারবে না : বুশ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, মার্কিন-নেতৃত্বাধীন মিত্রবাহিনী ২০০৩ সালে ইরাক আগ্রাসন চালানোর পর এখন পর্যন্ত দেশটির ৩০,০০০ নাগরিক নিহত হয়েছে এবং চলতি সপ্তাহের নির্ধারিত পার্লামেন্ট নির্বাচন ইরাকের ভয়াবহ সহিংসতা থামাতে পারবে না।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 02:16 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বৃহস্পতিবারের পার্লামেন্ট নির্বাচনের আগে আশাবাদ ব্যক্ত করে প্রেসিডেন্ট বুশ বলেন, নির্বাচনে রাজনৈতিক প্রতিযোগিতা পূর্ণাঙ্গ হবে না। তবে ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে তা স্থানান্তরের প্রচেষ্টার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা দিতে পারে।

বুশ ইরাকের গোপন বন্দিশিবিরে সুন্নিদের আটকে রেখে নির্যাতন করার ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি এধরনের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। তার ভাষায়, যারা এ ধরনের অপরাধ করছে, তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে।

সোমবার এনবিসি টেলিভিশনের নাইটলি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি সপ্তাহের ইরাকের নির্বাচন পূর্ণাঙ্গ হবে না এবং একটি সফল নির্বাচন প্রক্রিয়ার সমাপ্তি নয়।

তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, মার্কিন ও ইরাকি বাহিনীকে লক্ষ্য করে যারা হামলা চালাচ্ছে, সফল নির্বাচন হলেও তারা হামলা পরিত্যাগ করবে না।

প্রেসিডেন্ট বুশ বলেন, কোন চ্যালেঞ্জ, দুর্যোগ ও বাজে সূচনা মোকাবিলা ছাড়া ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর কোন জাতি একটি মুক্ত সমাজ ব্যবস্থার দিকে যেতে পারেনি।

বৃহস্পতিবারের নির্বাচনে প্রায় দেড় কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ইরাকে মার্কিন-নেতৃত্বাধীন আগ্রাসনে কতজন ইরাকি নিহত হয়েছেন-এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বুশ বলেন, আমার ধারনা সংখ্যাটা ৩০,০০০। তবে প্রাথমিক হামলা ও ইরাকিদের বিরুদ্ধে চলমান সহিংস হামলায় নিহতদের সংখ্যা এর কম বা বেশি হতে পারে। আওরাও ২,১৪০ জন সেনা হারিয়েছি।

অবশ্য হোয়াইট হাউজের কর্মকর্তারা পরে বলেছেন, ইরাকিদের প্রাণহানির সংখ্যাটি কোন আনুষ্ঠানিক সংখ্যা নয়। গণমাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে তা ধরে নেয়া হয়েছে।