২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকার সন্ত্রাসবাদ নীতির পক্ষে জোরালো সমর্থন জানালেন কন্ডোলিসা রাইস

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ড. কন্ডোলিসা রাইস স্বীকার করেছেন, জিজ্ঞাসাবাদ করার লক্ষ্যে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিমানে করে আমেরিকার বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 12:06 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

তবে তাদেরকে বিদেশের মাটিতে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। সোমবার ইউরোপ সফর শুরু করার আগে ম্যারিল্যান্ডের অ্যান্ড্রু এয়ারফোর্স বেস থেকে প্রকাশিত একটি বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এ কথা বলেন।

ড. রাইস বলেন, রেনডিশন নামের একটি প্রক্রিয়ার মাধ্যমে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিমানে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং তার ভাষায়, এটি একটি বৈধ অস্ত্র।

আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বিভিন্ন দেশে বন্দিশিবির পরিচালনা করছে এবং সেখানে সন্দেহভাজনদের আটকে রেখে নির্যাতন করছে বলে যে অভিযোগ উঠেছে ড. রাইস তা অস্বীকার করেন।

আমেরিকার বিরুদ্ধে বিদেশে বন্দিশিবির পরিচালনার অভিযোগ ওঠার পর আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এ ব্যাপারে ওয়াশিংটনের ব্যাখ্যা চেয়ে ইউরোপীয় ইউনিয়ন বুশ প্রশাসনকে চিঠি দিয়েছে।

সোমবার মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, সিআইএ’র ছয়টি প্লেন ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় ৮০০টি ফ্লাইট নিয়ে গিয়েছে। এরমধ্যে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের শ্যানন বিমান বন্দরে সিআএ’র ৫০টি ফ্লাইট অবতরণ করেছে।

ড. রাইস গত সপ্তাহে বলেছিলেন, কোনো অপ্রীতিকর ঘটনার জন্য শ্যানন বিমান বন্দরকে ব্যবহার করা হয়নি।

সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের জন্য বিদেশে প্রেরণ করার মার্কিন নীতির প্রতি ড. রাইস প্রবল সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, সন্ত্রাসীরা প্রায়ই কোনো রাষ্ট্র -- ভিত্তিক না হওয়ায় এবং কোনো সনাতন সামরিক বা অপরাধ বিচার প্রক্রিয়ায় আওতায় তাদের বিচার কার্য পরিচালনায় উপযুক্ত না হওয়ায়, মার্কিন যুক্তরাষ্ট্র এসব সন্ত্রাসবাদকে পরাজিত করতে প্রতিটি বৈধ অস্ত্র প্রয়োগ করবে। আমাদের এ ধারার সাথে খাপ খাওয়াতে হবে।

তিনি আরো বলেন, বন্ধু রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বদা সমর্থন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আইন মেনে চলে ও কোন নির্যাতন অনুমোদন করে না।

বিদেশের মাটিতে গোপন বন্দিশিবির পরিচালনার ব্যাপারে প্রশ্ন করা হলে সে ব্যাপারে ড. রাইস কোনো উত্তর দেননি।

তিনি বলেন, গোয়েন্দা, আইন প্রয়োগকারী সংস্থা ও সামরিক অভিযানের সাফল্য সম্পর্কে সন্দেহের জন্ম দেয়, এমন কোন তথ্য নিয়ে আমরা আলোচনা করতে পারি না।

তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সন্দেহভাজনদের সম্পর্কে তথ্য সংগ্রহের ফলে ইউরোপের দেশগুলোও উপকৃত হচ্ছে।

তিনি আরো বলেন, সিআইএ পরিচালিত বন্দিশিবির সম্পর্কে সংশ্লিষ্ট সরকারগুলো তথ্য প্রকাশ করবে কি না, তা ওই সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাপার। এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবে।

প্রয়োজনের খাতিরেই সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের জন্য এক দেশ থেকে অপর দেশে প্রেরণের বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার শরীক রাষ্ট্রদের মধ্যে কয়েক দশক ধরেই চলে আসছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বিবৃতিতে উল্লেখ করেন।

তার ভাষায়, এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত এবং এর মাধ্যমে সন্ত্রাসীদের নিস্ক্রিয় করা যায় ও অনেক নিরীহ প্রাণ বাঁচানো সম্ভব।