কাশ্মির সমস্যা সমাধানে পাক প্রেসিডেন্টের আহ্বান
কাশ্মির নিয়ে ভারতের সাথে বিদ্যমান সমস্যা নিরসনে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আহ্বান জানিয়েছেন।
শনিবার রাজধানী ইসলামাবাদে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী ও সাহায্য সংস্থাগুলোর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট মোশাররফ এ আহ্বান জানান।
অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পাকিস্তানিদের সাহায্যার্থে পাঁচশ’ বিশ কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্যে সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রেসিডেন্ট মোশাররফ বলেন, এটাই (কাশ্মির সমস্যার সমাধান) হোক কাশ্মিরের প্রতি ভারতীয়দের অনুদান। তার ভাষায়, সমস্যা সমাধানের সুযোগ দেশ দু’টির ইতিহাসে খুব বেশি আসবে না।
১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মিরকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান দু’বার যুদ্ধে জড়িয়ে পড়ে।
তবে অক্টোবরের ভূমিকম্পের পর বিভক্ত কাশ্মিরের লোকজনের যাতায়াত এবং ত্রাণ ও উদ্ধার কাজের সুবিধার্থে ভারত ও পাকিস্তান কাশ্মিরের পাঁচটি সীমান্ত ক্রসিং খুলে দেয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদের কনফারেন্সে জাতিসংঘ ও বিভিন্ন সাহায্য সংস্থাসহ পঞ্চাশটি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
পাকিস্তান বলেছে, অক্টোবরের ভূমিকম্পে দেশের ৭৩,০০০ জন লোক নিহত ও ত্রিশ লাখেরও বেশি লোক গৃহহীন হয়েছে।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরেও ভূমিকম্পে ১,৪০০ লোকের প্রাণহানির হয়েছে।
সম্মেলনে অংশ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব কফি আনান।
তিনি শুক্রবার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশারফের সাথে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের দুর্গত এলাকা পরিদর্শন করেন।
