বলিউড নায়িকা মনিকাকে শনিবার আদালতে হাজির করবে সিবিআই
বলিউডের নায়িকা ও অপরাধজগতের ডন আবু সালেমের স্ত্রী মনিকা বেদীকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই শনিবার আদালতে হাজির করবে।
সিবিআই’র কারাগারে দু’দিন আটক থাকার পর মনিকাকে শনিবার আদালতে হাজির করা হবে।
আদালতে হাজির করার পর মনিকাকে জেলে পাঠানো হলে তার আইনজীবীরা তাৎক্ষণিকভাবে জামিনের আবেদন জানাবেন বলে জানা গেছে।
২৬ নভেম্বর আদালতে হাজির থাকতে ভূপালের একটি আদালত মনিকাকে নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ কার্যকর করতে ভূপাল পুলিশের একটি দল ইতোমধ্যে হায়দ্রাবাদ পৌঁছেছে।
সালেমের কার্যকলাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যোগাড় করার উদ্দেশ্যে মনিকাকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআইকে আদালত দু’দিনের সময় দিয়েছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সিবিআই মনিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
তিনি আবু সালেমের পর্তুগালের ব্যবসা দেখাশোনা করেন বলে জানা গেছে।
এর আগে মনিকার আইনজীবীরা আদালতে বলেন, পাসপোর্ট জাল করার অপরাধে অভিযুক্ত মনিকার বিরুদ্ধে আনীত অভিযোগ ছাড়া অন্য কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি সিবিআইকে দেওয়া উচিত নয়।
