নটবর সিংকে অনিয়ম সম্পর্কে আগে জানানো হয়নি : ভোলকারের স্বীকারোক্তি
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নিরুপম সেন জাতিসংঘ সমর্থিত ইরাকে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির অনিয়ম তদন্তে গঠিত স্বাধীন তদন্ত কমিটির চেয়ারম্যান পল ভোলকারের সাথে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে পল ভোলকার স্বীকার করেছেন, তদন্ত কমিটির প্রতিবেদনের তথ্য ভারতের সাবেক পররাষ্ট্র মন্ত্রী নটবর সিংকে ব্যক্তিগতভাবে অবগত না করার সম্ভাবনাই বেশি।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত সেন বলেন, ইরাকের তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির একজন অ-চুক্তিবদ্ধ সুবিধাভোগী হিসেবে তদন্ত প্রতিবেদনে ভারতের সাবেক পররাষ্ট্র মন্ত্রীর নাম প্রকাশিত হওয়ার আগে নটবর সিংকে আগাম কোন নোটিশ দেওয়া হয়নি।
তবে তিনি বলেছেন, একটি চূড়ান্ত উপসংহারে পৌঁছানোর জন্য কমিটি এখনও নথিপত্র পরীক্ষা করে দেখছে।
রাষ্ট্রদূত সেন আরও বলেন, কেলেংকারিতে ভারতের কথিত জড়িত হওয়া বিষয়টি সম্পর্কিত প্রাসঙ্গিক নথিপত্র চেয়ে ভারত সরকার জাতিসংঘ তদন্ত কমিটির কাছে যে অনুরোধ করতে বলেছিল, সে ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন।
রাষ্ট্রদূতের অনুরোধের জবাবে পল ভোলকার বলেছেন, তার প্যানেল বৈধভাবেই ভারতের তদন্ত সংস্থাকে পূর্ণ সহযোগিতা করবে ও দেশটির সাথে তথ্য বিনিময় করবে।
ভোলকারের এই মন্তব্যে সাবেক পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। তবে এরপরও বিতর্ক কিন্তু থেমে নেই, ক্রমেই তা প্রসারিত হচ্ছে।
গত সপ্তাহে ভোলকার বলেছিলেন, অনিয়মের সাথে জড়িত সবাইকে ব্যক্তিগতভাবে অবহিত করা হয়েছিল এবং তাদেরকে একটি জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তখন পররাষ্ট্র মন্ত্রী সিং বলেছিলেন, তাকে এ ব্যাপারে কোন কিছু জানানো হয়নি।
