২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার অর্থ প্রদান সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে লড়বে ব্রাজিল প্রেসিডেন্টের দল

ব্রাজিলের প্রেসিডেন্টের দল দেশটির একটি ম্যাগাজিনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। গত ২০০২ সালে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণাকালে কিউবা অর্থ সহায়তা দিয়েছে বলে ম্যাগাজিনটিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 11:15 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

দেশটির শীর্ষস্থানীয় সাপ্তাহিক ভিজা তাদের প্রতিবেদনে বলেছে, প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তার নির্বাচনী প্রচারণাকালে এক কূটনীতিকের মাধ্যমে তিন মিলিয়ন ডলার পেয়েছেন।

বিরোধী দল বলেছে, তারা একটি তদন্তের দাবি জানাবেন। কিউবান ও ব্রাজিল সরকার প্রতিবেদনটি অস্বীকার করেছে।

প্রেসিডেন্টের বিপক্ষে এমন একটি সময় অর্থগ্রহণের অভিযোগ উঠল, যখন তিনি কংগ্রেসের ঘুষ কেলেংকারির অভিযোগের কারণে বিব্রত। অবশ্য কংগ্রেসের কেলেংকারির সাথে প্রেসিডেন্ট লুলার সরাসরি জড়িত থাকার কোন প্রমাণ পাওয়া যায়নি।

লুলা ২০০২ সালের অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। তিনি কিউবার বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর একজন পুরনো বন্ধু।

ম্যাগাজিনটির প্রতিবেদনে বলা হয়, সার্গেই কারভেন্টাস নামের সাবেক এক কূটনীতিকের মাধ্যমে লুলার নির্বাচনী কমিটি ২০০২ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অর্থ সংগ্রহ করে।

অনুদান গ্রহণ ব্রাজিলের নির্বাচনী আইন বিরোধী।

বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, অভিযোগটি গুরুতর। এটি তদন্ত করে দেখা প্রয়োজন।

অভিযোগ প্রমাণিত হলে প্রেসিডেন্ট লুলাকে অভিশংসন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি দল ওয়ার্কার্স পার্টি প্রতিবেদনটিকে দেশটির এলিট শ্রেণীর ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে।