২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের মন্তব্যে উৎকণ্ঠিত আনান

ইসরাইলকে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার যে ইচ্ছার কথা ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ ব্যক্ত করেছেন, তার সে মন্তব্যের প্রতি জাতিসংঘ মহাসচিব কফি আনান গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 12:50 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

জাতিসংঘের একজন সদস্য দেশ হিসেবে ইরানকে আনান মনে করিয়ে দিতে চান যে, কোন রাষ্ট্রের প্রতি শক্তি প্রয়োগের হুমকি প্রদান করা হবে না-এটি ইরান সদস্য পদ পাওয়ার আগে নিশ্চিত করেছিল।

ডানপন্থি প্রেসিডেন্ট আহমেদিনেজাদের মন্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপক অসন্তোষ প্রকাশ করলেও, তেহরান বলেছে, পশ্চিমা বিশ্ব মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে।

ইসরাইল ইরানকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে।

জাতিসংঘ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মাহমুদ আহমেদিনেজাদের সাথে ইসরাইলকে জড়িয়ে যে মন্তব্য প্রকাশিত হয়েছে, মহাসচিব তা উৎকণ্ঠার সাথে পড়েছেন।

জাতিসংঘের কোন সদস্য দেশকে প্রকাশ্যে তিরস্কারের ব্যাপারটি কফি আনানের জন্য বিরল।

ইরানের রাজধানী তেহরানে ‘ ইহুদিবিহীন বিশ্ব’ বা দ্য ওয়ার্ল্ড উইদাউট জায়নিজম নামে এক কনফারেন্সে প্রেসিডেন্ট আহমেদিনেজাদ এ মন্তব্য করেন।

ইরানের কিংবদন্তিতুল্য ধর্মীয় নেতা আয়াতুল্লাহ্ রুহুল্লা খোমেনির উদ্ধৃতি দিয়ে কনফারেন্সে আহমেদিনেজাদ বলেন, ইমাম যেমন বলেছেন, তেমনি ইসরাইলের মানচিত্র নিশ্চিহ্ন করে ফেলা উচিত।