২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি মার্কেটে বোমা বিস্ফোরণে ৫ জন নিহত

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাদেরাতে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 10:04 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

শহরের একটি ব্যস্ত মার্কেটে খাবার দোকানের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ একে আত্মঘাতী বোমা হামলা বলে জানিয়েছে।

ফিলিস্তিনি ইসলামি জিহাদ গ্রুপ বলেছে, সোমবার ফিলিস্তিনি জঙ্গি নেতা লুয়ে সাদিকে হত্যার প্রতিশোধস্বরূপ এ হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস হামলার কথা স্বীকার করে বলেছেন, এটি আমাদের স্বার্থবিরোধী। এ ধরনের ঘটনা কেবল আঞ্চলিক সহিংসতা বাড়িয়ে দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্র এ ঘটনাকে নিরপরাধ নাগরিকদের ওপর নৃশংস হামলা বলে অভিহিত করে জোর দিয়ে বলে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংঘর্ষ বন্ধ এবং সন্ত্রাসী হামলা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।

বুধবারের বোমা হামলার পর ইসরায়েল সরকার জরুরি ভিত্তিতে পশ্চিম তীর ও উত্তর গাজায় ইসলামি জিহাদি জঙ্গিদের ওপর সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেয়।

পুলিশ বলেছে, স্থানীয় সময় বিকেল ৪ টায় মার্কেটে বোমাটি বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী শহরটি ঘিরে ফেলে।

পুলিশ বিভাগের মুখপাত্র জানিয়েছেন, বোমা হামলাকারীসহ পাঁচজন ওই ঘটনায় নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৬ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।

মাহমুদ আব্বাস অঙ্গীকার করে বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামলা বন্ধে পদক্ষেপ গ্রহণ করবে।

ইসরায়েল সরকার জঙ্গিদের বিরত রাখতে ব্যর্থ হওয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দায়ি করেছে।