উত্তর কোরিয় নেতা কিমের ঘনিষ্ঠ সহযোগীর মৃত্যু
উত্তর কোরিয়ার নেতা কিম জং-এর বিশ্বস্ত সহযোগী ইয়ন হায়ঙ-মুক দুরারোগ্য ব্যাধিতে শনিবার মৃত্যুবরণ করেছেন বলে রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে।
চেকোশ্লোভাকিয়ায় শিক্ষা প্রাপ্ত আমলা ইয়ন ২০০৩ সাল থেকে কিম পরিচালিত শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কোরিয়ার সংবাদ সংস্থা জানায়, ইয়নের মৃত্যু, দেশের জনগণ ও পার্টির জন্য অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রীয়ভাবে তার অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
৭৩ বছর বয়সী ইয়ন দুই কোরিয়ার শান্তি আলোচনায় মুখ্য ভূমিকা পালন করেছেন এবং কিমের সবচেয়ে পছন্দের ও ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি ভারী শিল্প মন্ত্রী হিসেবে প্রতিরক্ষা শিল্পের সাথে জড়িত ছিলেন এবং কমিউনিস্ট পার্টির সেক্রেটারি হিসেবে পররাষ্ট্র নীতি নির্ধারণে মূল্যবান দিক নির্দেশনা দিতেন।
