পাকিস্তানে ভূমিকম্পের ত্রাণ তৎপরতার ব্যাপারে ক্ষুব্ধ আনান
জাতিসংঘ মহাসচিব কফি আনান সতর্ক করে দিয়েছেন, দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পৌঁছালে ভূমিকম্পের কারণে দ্বিতীয়বারের মতো বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটবে।
ভূমিকম্পে গৃহহীন ৩০ লাখ মানুষের সহায়তায় সার্বিক ত্রাণ তৎপরতার গতি ত্বরান্বিত করতে আনান আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, জাতিসংঘ ৩১ কোটি ২০ লাখ ডলারের যে সহায়তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চেয়েছেন, দাতারা এখন পর্যন্ত তার ক্ষুদ্র একটি অংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
পাকিস্তান বলেছে, ৮ অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে ৪৭ হাজারের বেশি লোকের প্রাণহানির ঘটনা ঘটে।
অপরদিকে প্রতিবেশী ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের মৃতের সংখ্যা কমপক্ষে এক হাজার ৪০০ বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
আনান বলেন, ভূমিকম্পের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাকিস্তান-নিয়ন্ত্রিত অংশের লোকদের বাঁচাতে এখন সময়ের সাথে যুদ্ধ করতে হবে।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, উপদ্রুত এলাকার হাজার হাজার মানুষ এখনও কোনও ত্রাণ পায়নি। এছাড়া কোনও আশ্রয় অথবা কম্বল না থাকায় হিমালয়ের প্রচণ্ড শীতে প্রায় ৩০ লাখ মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে।
আনান বলেন, আমরা যদি ত্রাণ তৎপরতার গতি না ত্বরান্বিত করি, তাহলে দ্বিতীয়বারের মতো পাকিস্তানে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটবে।
জাতিসংঘ মহাসচিব অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের আহ্বানের মাত্র ১২ শতাংশ (৩৭ মিলিয়ন) সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার হাসপাতাল, স্কুল, পানি ও সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কঠিন পরিস্থিতি মোকাবেলায় এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ত্রাণ তৎপরতার মুখোমুখি হতে হচ্ছে।
সার্বিক ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে কাজ শুরু করতে আনান ন্যাটোর মতো বৃহৎ দাতা সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন।
আসছে সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ-আয়োজিত দাতাদের সম্মেলনে শীর্ষ আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, ত্রাণ তৎপরতার গতি ত্বরান্বিত করা না হলে আরও দশ হাজার শিশু মারা যেতে পারে বলে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সতর্ক করে দিয়েছে।
পাকিস্তানের জন্য পর্যাপ্ত সহায়তা না পাঠানোয় জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী জান ইগাল্যান্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে বলেছেন, ভারত মহাসাগরে গত বছরের সুনামির জন্য যেখানে ৯২ টি দেশ সহায়তা পাঠিয়েছিল, সেখানে সম্প্রতি দুর্যোগের ক্ষেত্রে মাত্র ১৫ থেকে ২০ টি দেশ সাড়া দিয়েছে।
মিস্টার ইগাল্যান্ড ত্রাণ তৎপরতার অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার জেনেভায় দাতা গোষ্ঠীর সাথে আলোচনা করবেন।
