ক্যাটরিনা পীড়িতদের জন্য যুক্তরাজ্যের পাঠানো মাংস প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা পীড়িতদের সাহাযার্থে যুক্তরাজ্যের পাঠানো প্রায় ৩ লাখ ৫০ হাজার মিলিয়ন প্যাকেটজাত খাবার বিতরণ কাজ স্থগিত করেছে।
যুক্তরাজ্যে ম্যাড কাউ রোগের বিস্তারের কারণে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, ব্রিটিশ বাহিনী নিয়মিত ওই খাবার খেয়ে আসছিলো। খাবারগুলো অনিরাপদ না হলেও যুক্তরাজ্যে ম্যাড কাউ রোগের বিস্তারের কারণে গরুর মাংসজাতীয় খাবারের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।
তারা আরও বলেন, ঘূর্ণিঝড়ে আক্রান্তদের কেউই অভুক্ত অবস্থায় নেই।
মার্কিন পররাষ্ট্র দপ্তর উন্নয়নশীল দেশগুলোতে ওই প্যাকেটগুলো পাঠানোর চেষ্টা করছে বলে জানা গেছে।
১৯৯৭ সাল থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে গরুর মাংস গ্রহণ করছে না। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের মাংস নেওয়াও বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্রে।
যুক্তরাজ্যে বোভিন স্পোঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি বা ম্যাড কাউ রোগের মাধ্যমে মস্তিষ্কের বিভ্রান্তি সৃষ্টিকারী রোগ ক্রুটজফেল্ট জ্যাকব হতে পারে এমন ভয় থেকেই যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্য থেকে গরুর মাংস নেয়া বন্ধ রয়েছে।
তারপরও লুজিয়ানা এবং মিসিসিপির ঘূর্ণিঝড় আক্রান্তদের সাহায্যের জন্য প্রাথমিকভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল বলে মার্কিন এক কর্মকর্তা জানান।
মার্কিন কৃষি দপ্তর সেপ্টেম্বরে ওই মাংসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও প্রায় ১ লাখ ১৮ হাজার তৈরিজাত খাদ্য দুর্গতদের কাছে পৌঁছানো হয়েছিল।
বাকি ৩ লাখ ৫৭ হাজার প্যাকেট আরাকানসাসে গুদামঘরে পড়ে রয়েছে।
কৃষি দপ্তরের মুখপাত্র টেরি টিউবার বলেন, তাদের অনুসন্ধানকারী দল দুর্গতদের কোনও জরুরি সাহায্যের প্রয়োজন নেই বলে নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র অ্যাডাম এরেলি বলেন, ওয়াশিংটন অন্য কোনও দেশে ওই মাংস বিতরণ করে দিতে চাইলেও এখন পর্যন্ত আগ্রহী দেশ খুঁজে পাওয়া যায় নি।
