আফগানিস্তানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের চিত্র জাতিসংঘ প্রতিবেদনে
আফগানিস্তানের জাতিসংঘ মিশন (ইউএনএএমএ) বলেছে, দেশটিতে ক্ষমতাসীন তালেবান শাসকরা বিনাবিচারে মানুষ হত্যা, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার এবং মানুষজনকে অমানবিক শাস্তি দিচ্ছে।
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের মাত্র ১০ মাসেই মানবাধিকার লঙ্ঘনের এই ভয়াবহ চিত্র উঠে এসেছে ইউএনএএমএ- এর বুধবারে প্রকাশিত প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, বেশ কয়েকটি গোষ্ঠীর মানুষের ওপর এই অত্যাচার চলছে। এদের মধ্যে আছে ক্ষমতচ্যুত সরকার সংশ্লিষ্টরা এবং মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা। নারী অধিকারও ক্ষুন্ন হচ্ছে।
তালেবান প্রশাসনের সদস্যরা যেরকম অবাধে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে তাতে ইউএনএএমএ উদ্বিগ্ন বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।
গতবছর অগাস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার এবং নির্বাচিত সরকারের পতনের মধ্য দিয়ে ক্ষমতা চলে যায় তালেবান শাসকদের হাতে।
তালেবান সরকারের এক মুখপাত্র মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের ওই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, “নির্বিচারে গ্রেপ্তার এবঙ বিনাবিচারে হত্যার অনুমোদন নেই। কেউ এমন কিছু করে দোষী সাব্যস্ত হলে তাকে অপরাধী বলে গণ্য হবে এবঙ শরিয়া আইন অনুযায়ী তার বিচার করা হবে।”
