২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে চূড়ান্ত দুই প্রধানমন্ত্রী প্রার্থী বাছাইয়ে শেষ মুহূর্তের ভোট

যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। এরই মধ্যে চারদফা ভোটে একে একে ঝরে গেছেন ৮ প্রার্থী। শেষ সময়ে টিকে আছেন মাত্র ৩ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 08:04 PM

Updated : 22 Jul 2022, 03:59 AM

এর মধ্য থেকেই একজন হবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তারা হলেন- ঋষি সুনাক, পেনি মরডান্ট এবং লিজ ট্রাস। মঙ্গলবারের আগে তিনদফা ভোটে টিকে ছিলেন চার প্রার্থী।

কিন্তু মঙ্গলবার চতুর্থ দফা ভোটে ছিটকে পড়েছেন কেমি বদেনখ। আর সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে গেছেন ঋষি সুনাক। মঙ্গলবারের ভোটে তিনি পেয়েছেন ১১৮ ভোট।

অন্যদিকে, জুনিয়র বাণিজ্যমন্ত্রী পেনি মরডান্ট ৯২ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন এবং পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ৮৫ ভোট পেয়ে আছেন তৃতীয় অবস্থানে।

ওদিকে, কেমি বদেনখ ৫৯ ভোট পেয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন। ফলে এখন শেষ লড়াইয়ে বাকি তিনজনের মধ্যে টিকবেন মাত্র দুই জন।

বিবিসি জানায়, বুধবার শেষ মুহূর্তের এই ভোটাভুটি শুরু করেছেন কনজারভেটিভ এমপি’রা। চূড়ান্ত পর্বে সুনাকের যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, এর আগের ভোটগুলোতে সুনাকই সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন।

আর এখন দ্বিতীয় অবস্থানে থাকা পেনি মরডান্ট এবং লিজ ট্রাসের মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। তাদের একজন কমপক্ষে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে চান।

এ লড়াইয়ে যে দুই প্রার্থী টিকে থাকবেন তাদের মধ্যে দল একজনকে বেছে নেবে সেপ্টেম্বরে। মাঝের এই সময়টিতে দুই প্রার্থী নিজেদের পক্ষে ভোট আদায়ে প্রচার চালাবেন। দল শেষ পর্যন্ত কাকে নেতা নির্বাচন করল তা ঘোষণা করে জানানো হবে ৫ সেপ্টেম্বরে।

দুই চূড়ান্ত প্রার্থীর মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই জয়ী হবেন। ঋষি সুনাক জয়ী হলে একজন ভারতীয় বংশোদ্ভুত হিসাবে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে আসীন হবেন।