সুলতানের বংশধরদের ক্ষতিপূরণ দাবির মুখে সম্পদ জব্দ ঠেকাবে মালয়েশিয়া
বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মালয়েশিয়ার সম্পদের সুরক্ষায় আইনি ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
ফরাসি এক সালিশি আদালতের রায়ে বিশ্বজুড়ে মালয়েশিয়ার সম্পদ জব্দের মাধ্যমে প্রায় দেড় হাজার কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ে ১৯ শতকের এক সুলতানের বংশধরদের চেষ্টার মধ্যে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইয়াকুব এ অঙ্গীকার করলেন।
১৮৭৮ সালে সুলু সালতানাতের শেষ সুলতান ও একটি ব্রিটিশ কোম্পানির মধ্যে হওয়া জমি ইজারা চুক্তি অনুযায়ী, অর্থ পরিশোধ না করায় ফেব্রুয়ারিতে ফ্রান্সের এক আদালত সুলতানের বংশধরদেরকে ক্ষতিপূরণ বাবদ ১ হাজার ৫০০ কোটি ডলার দিতে বললেও মালয়েশিয়ার সরকার তা মেনে নিতে রাজি হচ্ছে না।
আপিলের রায় হওয়ার আগে সালিশি আদালতের রায় কার্যকরে স্থগিতাদেশও পেয়েছে তারা।
ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর ২০১৩ সাল পর্যন্ত মালয়েশিয়া সুলতানের বংশধরদের দাবি অনুযায়ী নামমাত্র কিছু অর্থ দিয়ে এলেও গত ৭ বছর ধরে তা বন্ধ রেখেছে।
সুলতানের উত্তরাধিকারীদের আইনজীবীরা বলছেন, রায় কার্যকরের ওপর স্থগিতাদেশ আসায় ফ্রান্সে মালয়েশিয়ার সম্পদ জব্দ সম্ভব না হলেও জাতিসংঘের রীতিনীতি অনুযায়ী, অন্যত্র তা কার্যকর হওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই।
এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ইয়াকুব মঙ্গলবার বলেন, রাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানিসহ বিশ্বজুড়ে মালয়েশিয়ার যেসব সম্পদ আছে, তা রক্ষায় সরকার নানা আইনি পথ কাজে লাগাবে।
“দেশের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা যে কোনও ধরনের আপস কিংবা এক ইঞ্চিও নড়ব না, আমি সে আশ্বাস দিচ্ছি,” মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এমন কথাই বলেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামা।
সুলতানের উত্তরাধিকারদের ক্ষতিপূরণ আদায়ের অংশ হিসেবে কয়েকদিন আগে লুক্সেমবার্গে মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোনাসের দুটি ইউনিট জব্দ হয়েছে।
এ জব্দকে ‘যুক্তিহীন’ অ্যাখ্যা দিয়ে পেট্রোনাস বলেছে, তারা বিশ্বজুড়ে তাদের সম্পদের সুরক্ষায় আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে।
