গ্রিসে মাটিতে আছড়ে পড়ল কার্গো বিমান
গ্রীসের উত্তরাঞ্চলীয় শহর কাভালার কাছে একটি কার্গো বিমান মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে।
ইউক্রেইন-ভিত্তিক কোম্পানি পরিচালিত আন্তনভ-১২ বিমানটি শনিবার ১৬ জুলাই সার্বিয়া থেকে জর্ডানে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।
বিবিসি জানায়, বিমানটিতে কতজন আরোহী ছিলেন এবং তারা কেউ বেঁচে আছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গ্রিসের ইআরটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, বিমানটি ১২ টন ওজনের রসদ বহন করছিল। এই রসদ বিপজ্জনক, মূলত বিস্ফোরক দ্রব্য ছিল বলে জানানো হয়েছে খবরে।
ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন। কিন্তু রানওয়েতে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়।
বিমানটিতে সম্ভবত ৮ জন আরোহী ছিলেন বলে ধারণা প্রকাশ করা হয়েছে কয়েকটি খবরে।
ছবি: রয়টার্স
ইআরটি সম্প্রচারমাধ্যমকে স্থানীয় এক বাসিন্দা বলেন, “২২:৪৫ (১৯: ৪৫ জিএমটি) এর দিকে বিমানের ইঞ্জিনের শব্দে আমি হতভম্ব হয়ে যাই। বাইরে গিয়ে দেখি ইঞ্জিন জ্বলছে।” প্রত্যক্ষদর্শীরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানানো হয়েছে কয়েকটি গণমাধ্যমের খবরে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাতটি ফায়ার সার্ভিস ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা বিমান বিধ্বস্তের জায়গায় যেতে পারেনি।
ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বার্তা সংস্থা বলেছে, “আমরা কার্গোটিকে বিপজ্জনক হিসাবেই দেখছি।” গ্রিসের বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটও ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রয়টার্স।
এ ঘটনায় এখন পর্যন্ত ইউক্রেইন, সার্বিয়া বা জর্ডানের কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
