শিখ ব্যবসায়ীর ‘হাই প্রোফাইল’ হত্যার কথা নিশ্চিত করেছে কানাডা পুলিশ
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গুলিতে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে দেশটির পুলিশ। তিনি শিখ ব্যবসায়ী রিপুদমন সিং মালিক বলে নিশ্চিত করেছে তারা।
বৃহস্পতিবার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে এ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয় যাকে ‘হাই প্রোফাইল’ হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ, তবে তারা এ হত্যার উদ্দেশ্য বের করতে পারেনি।
১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা হামলায় রিপুদমনের নাম উঠে এসেছিল। ওই বোমা হামলায় ৩২৯ জন নিহত হয়। কিন্তু পরবর্তীতে ২০০৫ সালে সেই মামলা থেকে খালাস পান তিনি।
নিহত ব্যক্তিই এয়ার ইন্ডিয়া বোমা হামলা মামলা থেকে খালাস পাওয়া রিপুদমন সিং মালিক বলে শুক্রবার নিশ্চিত করেছে কানাডা পুলিশ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।
এর আগে গুলিতে এক ব্যক্তির মৃত্যুর খবর প্রকাশ করলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে মৃত্যুর পরই রিপুদমন মালিকের ছেলে তার বাবার মৃত্যুর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন।
কানাডার পুলিশ বলেছে, তারা হত্যার উদ্দেশ্য বের করতে পারেনি। তাছাড়া বিমান হামলার সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কিনা এমন কোনো প্রমাণও তাদের কাছে নেই বলে জানিয়েছে।
১৯৮৫ সালের ২৩ জুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট-১৮২ কানাডার ২৬৮ জন এবং ২৪ জন ভারতীয় নাগরিকসহ ৩২৯ আরোহীকে নিয়ে টরন্টো থেকে যাত্রা করে মন্ট্রিলে থামে। তারপর এটির লন্ডন হয়ে মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল।
আটলান্টিক মহাসাগরের ৩১ হাজার ফুট উচ্চতায় থাকাকালে একটি সুটকেস বোমা বিস্ফোরণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় এবং সব আরোহী নিহত হন। এটি বাণিজ্যিক উড়োজাহাজে চালানো বিশ্বের অন্যতম প্রাণঘাতী বিমান হামলা।
অন্যদিকে, জাপান থেকে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানেও বোমা হামলার পরিকল্পনা ছিল। কিন্তু টোকিওর নারিতা বিমানবন্দরেই বোমাটি বিস্ফোরিত হয়ে দুই বিমানকর্মী নিহত হয়।
রিপুদমন মালিকের বিরুদ্ধে ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকলেও ‘হত্যাযজ্ঞ এবং ১৯৮৫ সালের দুটি বোমা হামলা’ মামলায় ২০০৫ সালে মালিক ও তার সহযোগী আজাইব সিং বাগরিকে খালাস দেওয়া হয়।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) সার্জেন্ট ডেভিড লি বলেন, “আমরা বুঝতে পারছি এটি হাই প্রোফাইল আন্তর্জাতিক কাহিনী। আমাদের তদন্তকারীরা সাক্ষ্য প্রমাণগুলো খতিয়ে দেখছে, তাই এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে আগাম কোনো অনুমান না করার আহ্বান জানাচ্ছি আমরা।”
আরসিএমপির হোমোসাইড ইনভেস্টিগেশন টিমের সদস্য লি বলেন, তাকে হত্যার উদ্দেশেই গুলি করা হয়েছে। বিষয়টি সিসিটিভির ভিডিও ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তদন্ত করা হবে।
বৃহস্পতিবার সকালে গোলাগুলির খবর পেয়ে পুলিশ এসে দেখে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি পড়ে আছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লি জানিয়েছেন, সিসিটিভির ফুটেজে গোলাগুলির কিছুক্ষণ আগে একটি সাদা হোন্ডা সিআরভি গাড়িকে ঘটনাস্থলের কাছ এসে রিপুদমন মালিকের (৭৫) জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
পরে কাছেই আরেকটি রাস্তায় গাড়িটিকে পরিত্যক্ত ও দগ্ধ অবস্থায় পায় পুলিশ।
এয়ার ইন্ডিয়া বিমান হামালা নিয়ে করা তদন্তের জন্য কানাডার পুলিশকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকি ২০১০ সালে কানাডার সরকার ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছিল। সরকার তখন বলেছিল, পাওয়া তথ্য অনুযায়ী তারা পদক্ষেপ নিয়ে আক্রমণ প্রতিরোধ করতে পারেনি বা দায়ীদের ধরতে ব্যর্থ হয়েছিল।
কানাডা এবং ভারতের কর্তৃপক্ষ তখন অভিযোগ করে বলেছিলো, কানাডায় বসবাসরত শিখ চরমপন্থীরা ১৯৮৪ সালে অমৃতসরের শিখ ধর্মের স্বর্ণ মন্দিরে চালানো হামলার জন্য ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ওই বিমান হামলার চক্রান্ত করেছিল।
আরও পড়ুন
