২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আঘাতের কারণে’ সিঁড়িতে পড়ে ইভানা ট্রাম্পের মৃত্যু হয়

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের শরীরে আঘাতের কারণে সিঁড়িতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্কের মেডিকেল বোর্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 04:26 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

নিউ ইয়র্ক সিটি অফিস অব দ্য চিফ মেডিকেল এক্সামাইনার (ওসিএমই) শুক্রবার এ তথ্য দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

বৃহস্পতিবার ৭৩ বছর বয়সে ইভানা ট্রাম্পের মৃত্যু হয়।

পুলিশের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেছিলেন, ইভানা ট্রাম্পকে তার নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের ভেতরের সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ওসিএমই তাদের বিবৃতিতে বলেছে, শরীরে আঘাতের কারণে সিঁড়িতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন।

ডনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের মৃত্যু

ডনাল্ড ট্রাম্পের তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিক ট্রাম্পের মা ইভানা। ট্রাম্প টাওয়ারসহ কয়েকটি বহুল পরিচিত বিল্ডিং তৈরিতে ট্রাম্পকে সহযোগিতা করেছিলেন ইভানা।

চেক রিপাবলিকে জন্ম নেওয়া ইভানার সঙ্গে ডনাল্ড ট্রাম্পের বিয়ে হয় ১৯৭৭ সালে। ১৫ বছরের মাথায় ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়।

ট্রাম্প তার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লিখেছেন, “সে ছিল চমৎকার, সুন্দর ও অসাধারণ একজন নারী। মহৎ এবং অনুপ্রেরণাদায়ী একটি জীবন সে কাটিয়ে গেছে।”

তাদের বড় মেয়ে ইভাঙ্কা ইন্সটাগ্রামে এক পোস্টে লিখেছেন, তার হৃদয় ভেঙে গেছে। তার ভাষায়, নিজের জীবনকে পুরোপুরি যাপন করে গেছেন তার মা।

আশি আর নব্বইয়ের দশকে ডনাল্ড ও ইভানা ট্রাম্প ছিলেন নিউ ইয়র্ক শহরের পরিচিত মুখ। তাদের বিচ্ছেদের ঘটনা সে সময় আলোচনার জন্ম দেয়।