২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর ‘মাদক সম্রাট’ রাফায়েল কারো কুইন্তেরো গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত মেক্সিকোর ‘মাদক সম্রাট’ রাফায়েল কারো কুইন্তেরোকে গ্রেপ্তার করেছে দেশটির নৌবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 03:43 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

দেশটির উত্তরপশ্চিমের রাজ্য সিনালোয়া থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি ।

যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণকারী সংস্থার এক কর্মকর্তাকে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ আছে কুইন্তেরোরবিরুদ্ধে। ১৯৮৫ সালে ওই হত্যাকাণ্ডটি হয়েছিল।

এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী বলেছে, সিনালোয়ার শইক্স পৌরসভার স্যান সিমন এলাকার একটি জমিতে ঝোপের মধ্যে ৬৯ বছর বয়সী কুইন্তেরোর সন্ধান পায় সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাক্স নামের একটি কুকুর।

এদিকে তাকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্র অবিলম্বে তার প্রত্যর্পণ চাইতে পারে বলে বিবিসির ভাষ্য।

তাকে গ্রেপ্তারের পরই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারীকে যারা অপহরণ, নির্যাতন ও হত্যা করে তারা কোথাও পালিয়ে থাকতে পারবে না।

“রাফায়েল কারো কুইন্তেরোকে প্রেপ্তারের জন্য মেক্সিকো কর্তৃপক্ষের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ,”বলেছেন তিনি।

এদিকে হোয়াইট হাউজের লাতিন আমেরিকা বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুয়ান গঞ্জালেজ টুইটারে লিখেছেন, “কুইন্তেরোর গ্রেপ্তারকে অনেক বড় একটি পদক্ষেপ ।”

মেক্সিকোর প্রভাবশালী মাদক অপরাধী গোষ্ঠী গুয়াদালাহারা কার্টেলের তিন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে একজন এই কুইন্তেরো। তিনি যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) সাবেক এজেন্ট এনরিক ক্যামারেনাকে হত্যার দায়ে ২৮ বছর কারাভোগ করেছিলেন।

ক্যামারেনা হত্যাকাণ্ড সেই সময়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি করেছিল। ওই ঘটনাটির ওপর ভিত্তি করে পরবর্তীতে ‘নারকোস: মেক্সিকো’ নামে একটি নেটফ্লিক্স সিরিজ তৈরি করা হয়।

২০১৩ সালে মেক্সিকোর একটি আদালত কুইন্তেরোর ৪০ বছরের দণ্ড হ্রাস করে তাকে মুক্তি দেয়। সেই রায়ে বলা হয়েছিলো, তার বিচার ফেডারেল আদালতের পরিবর্তে কোনো একটি রাজ্যের আদালতে হওয়া উচিত ছিল। পরে সুপ্রিম কোর্টের এ রায় বাতিলও করা হয়, কিন্তু কুইন্তেরো ইতোমধ্যেই গা-ঢাকা দিতে সক্ষম হন।

আত্মগোপনে গিয়ে তিনি আবারও মাদক পাচারে জড়িত হয়ে পড়েন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে বিবিসি  জানিয়েছে।

পরবর্তীতে ওয়াশিংটন তার সন্ধান ও তাকে ধরিয়ে দিতে পারলে দুই কোটি ডলারের পুরষ্কার ঘোষণা করে।

বিবিসি তাদের প্রতিবেদনে আরও বলছে, কুইন্তেরোর গ্রেপ্তার প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ হলেও আন্তর্জাতিক মাদক পাচারের প্রধান ব্যক্তি হিসেবে তাকে বিবেচনা করা হয় না।

রয়টার্সের দেওয়া উদ্ধৃতিতে ডিইএর আন্তর্জাতিক অভিযান বিষয়ক সাবেক প্রধান মাইক ভিজিল বলেছেন, সম্ভবত এটি  এক দশকের অন্যতম সবচেয়ে গুরুত্বপূণ আটকের ঘটনা।

এদিকে তাকে আটকের পর শুক্রবার মেক্সিকো নৌবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়।

মেক্সিকোর নৌবাহিনী তাদের একটি বিবৃতিতে জানায়, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত চলছে।

তবে কুইন্তেরোকে গ্রেপ্তারের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র তারা খুঁজে পায়নি বলে বিবৃতি উল্লেখ করে নৌবাহিনী।

তবে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এক টুইটে জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি কুইন্তোরোকে যে টিএম গ্রেপ্তার করেছে তাদের সমর্থন দেওয়া সামরিক সদস্যদের বহন করছিল। নৌবাহিনী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর বিধ্বস্ত ব্ল্যাক হক হেলিকপ্টারটি এ অভিযানে ব্যবহৃত হয়েছিল।

আরও পড়ুন

মেক্সিকোতে ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪