আদালতে দেশ না ছাড়ার মুচলেকা দিলেন মাহিন্দা-বাসিল
শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে আদালতে তাদের আইনজীবীদের মাধ্যমে দেশ না ছাড়ার মুচলেকা দিয়েছেন।
এই মুচলেকায় মাহিন্দা এবং বাসিল তাদের বিরুদ্ধে দাখিল হওয়া মৌলিক মানবাধিকার সংক্রান্ত আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত দেশ ছেড়ে না যাওয়ার অঙ্গীকার করেছেন।
শুক্রবার এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার ‘ডেইলি মিরর’ পত্রিকা।
শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়ার নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ আবেদনটি নিয়ে শুনানি করবে।
মাহিন্দা রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বড় ভাই । তিনি গত মে পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী থাকার পর গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেন।
আর বাসিল রাজাপাকসে হচ্ছেন গোটাবায়ার ছোট ভাই । গণ-আন্দোলনের মুখে মঙ্গলবার রাতে মালদ্বীপে পালিয়ে যান প্রেসিডেন্ট গোটাবায়া।
পরদিন সেখান থেকে সৌদিয়ার একটি ফ্লাইটে তিনি পৌঁছান সিঙ্গাপুরে। তার আগে বাসিলও মঙ্গলবার গোপনে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়।
বাসিলের দেশ ছাড়ার এই চেষ্টার পরই সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল হয়েছে। শ্রীলংকার চরম অর্থনৈতিক সঙ্কটের জন্য বাসিলকেই ব্যাপকভাবে দায়ী বলে মনে করা হচ্ছে।
ওদিকে, কলোম্বোয় সরকারবিরোধী বিক্ষোভে প্রাণঘাতী হামলার ঘটনায় তদন্তের জন্য গত মে মাসে শ্রীলংকার বাইরে মাহিন্দা রাজাপাকসের ভ্রমণ নিষিদ্ধ করেছিল আদালত।
এবার মাহিন্দার ছেলে নামাল রাজাপাকসেও জানান, তার বাবা দেশ ছেড়ে পালিয়ে যাবেন না। মাহিন্দা পদত্যাগ করার পর থেকেই দেশের ত্রিঙ্কোমালি নৌ ঘাঁটিতে সুরক্ষিত অবস্থায় থাকছেন।
