ইউরোপে তাপপ্রবাহ, দাবানল ছড়িয়ে পড়ছে স্পেন-পর্তুগালে
তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপ। শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা বাড়তে থাকায় স্পেন ও পর্তুগালে দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
বুধবার দিনশেষে তাপমাত্রা রেকর্ড উচ্চতার কাছাকাছি চলে যাওয়া কিংবা তা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। এতে আগুন আরও বেশি বেড়ে যেতে পারে।
চরম তাপমাত্রার কারণে পর্তুগালের মূল ভূখন্ডের প্রায় সবটাতেই রেড এলার্ট জারি রয়েছে।
আইপিএমএ আবহাওয়া প্রতিষ্ঠান লিসবনের উত্তর-পূর্বে কেন্দ্রীয় সান্তারেম জেলায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।
দেশটির রেকর্র্ড ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর আগে নথিভুক্ত করা হয়েছিল সেই ২০০৩ সালে।
বিশ্ব আবহাওয়া সংগঠন মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছে, তাপপ্রবাহ ছড়িয়ে পড়ছে এবং ইউরোপের বিশাল অংশজুড়ে তা বাড়ছে।
পশ্চিম ইউরোপে এবার নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে আল্পসের হিমবাহ হুমকিতে পড়েছে এবং খরা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্পেনের পর্তুগাল সংলগ্ন পশ্চিম সীমান্ত অঞ্চলে অগ্নিনির্বাপণ কর্মীরা পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শত শত গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। জটিল আকার ধারণ করা দাবানলের আগুন নেভাতে কর্মীরা অনবরত লড়াই করে যাচ্ছে।
মঙ্গলবার ওই অঞ্চলের দাবানলের আগুন পাশের প্রদেশেও ছড়িয়ে পড়েছে। চরম তাপমাত্রার কারণে স্পেনের এক্সট্রেমাদুরা অঞ্চলের কিছু অংশসহ আন্দালুসিয়া এবং গ্যালিসিয়া অঞ্চলেও রেড এলার্ট জারি রাখা হয়েছে।
স্পেনে বিমান এবং হেলিকপ্টার নিয়ে শত শত দমকল কর্মী এক্সট্রিমাদুরার পূর্বাঞ্চলে দাবানলের বিরুদ্ধে লড়ছে। দাবানলে ২৫০০ হেক্টর জমি পুড়ে গেছে। পর্তুগালেও একই পরিস্থিতি।
গত সপ্তাহে অস্বাভাবিক তাপমাত্রার কারণে ইতালিতে আল্পস পর্বতের হিমবাহে তুষারধসে ১১ জনের মৃত্যু হয়েছিল।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন তাপপ্রবাহ হচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ব উষ্ণায়ন বেড়ে তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা আছে।
এবছর ফেব্রুয়ারির এক জাতিসংঘ প্রতিবেদন বলছে, মনুষ্য-সৃষ্ট জলবায়ু পরিবর্তন খরা বাড়িয়ে দিচ্ছে এবং আগামী ২৮ বছরে চরম দাবানলের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে যাওয়ার আঙ্কা আছে।
