২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর দপ্তর দখলে নিয়ে বিক্ষোভকারীদের উল্লাস

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পালিয়ে মালদ্বীপে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মিছিল করে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দপ্তরের দখল নিয়েছে হাজারো বিক্ষোভকারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 03:26 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরের তৃতীয় তলায় ব্যালকনিতে উঠে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করছে এবং সেলফি তুলছে।

ড্রাম বাজিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নাম ধরে তালে তালে তারা স্লোগান দিচ্ছে ‘রনিল পাগলা, গোটা পাগলা’।

বিক্ষোভকারীরা টিয়ার গ্যাস উপেক্ষা করে সেনাবাহিনীর নিরাপত্তা দেয়াল ভেঙে প্রধানমন্ত্রীর দপ্তরের গেইট খুলে ফেলার চেষ্টা করছে।

বিবিসি জানিয়েছে, চরম উত্তেজনাকর এই পরিস্থিতি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে তার দপ্তরে নেই। বিক্ষোভকারীরা শনিবার তার ব্যক্তিগত বাসভবনে আগুন দিলে তখন থেকেই তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন। তার পরিবারের সদস্যরাও বাসায় নেই।

গোটাবায়া রাজাপাকসের মত তার মিত্র রনিল বিক্রমাসিংহেও জনগণের কাছে জনপ্রিয় নন। তার অবস্থান না জানা গেলেও প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে জরুরি অবস্থা এবং কারফিউ জারির পাশাপাশি বিভিন্ন আদেশ দেওয়া হচ্ছে।

প্রেসিডেন্টের পদত্যাগপত্র হাতে না পেলেও প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর দখলে নিয়ে তার পদত্যাগ চাইছেন বিক্ষোভকারীরা।

প্রবল গণবিক্ষোভের মধ্যে ক্ষমতা ছাড়তে রাজি হয়ে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বার্তা দিয়েছিলেন, বুধবারই তিনি পদত্যাগপত্র জমা দেবেন। কিন্তু তার আগেই মঙ্গলবার গভীর রাতে তিনি সামরিক উড়োজাহাজে করে স্ত্রীকে নিয়ে মালদ্বীপে পালিয়ে যান।

শ্রীলঙ্কার নিউজওয়্যার জানিয়েছে, প্রেসিডেন্টের দেশত্যাগের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে মঙ্গলবার তার কার্যালয়ের দিকে মিছিল নিয়ে এগোয় একদল বিক্ষোভকারী। পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর পরপরই জরুরি অবস্থা আর কারফিউয়ের ঘোষণা আসে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ‘রনিল গো হোম’ স্লোগান দিতে দিতে দেয়াল ডিঙিয়ে স্রোতের মত প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করে।

এস শশীধরন নামে ৩০ বছর বয়সী এক বিক্ষোভকারী বিবিসিকে বলেন, “আমরা চাই রনিল পদত্যাগ করুক। যারা গোটাকে পালাতে সাহায্য করেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আমাদের চুরি হওয়া টাকা ফেরত চাই।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় যখন বিক্ষোভকারীরা বিক্ষোভ করছে, সেসময় কয়েক কিলোমিটার দূরেই প্রেসিডেন্ট গোটাবায়ার সরকারি বাসভবনে কয়েকশ মানুষ শান্তিপূর্ণভাবে সারিবদ্ধভাবে অবস্থান করছিল।

শনিবার ব্যাপক বিক্ষোভের মাধ্যমে গোটাবায়ার বাসভবন বিক্ষোভকারীরা দখল করে নেয়। যদিও বিক্ষোভকারীরা তার বাসভবনে প্রবেশের আগেই তাকে সরিয়ে নেওয়া হয়েছিল।

ওই দিনই রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। যদিও সেসময় পদত্যাগের সময় উল্লেখ করেননি তিনি।

একই দিনে শ্রীলঙ্কার পার্লামেন্ট স্পিকারকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন গোটাবায়া। কিন্তু বুধবার তার পদত্যাগের কথা থাকলেও তিনি পালিয়েছেন মালদ্বীপে।

স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছেন, প্রেসিডেন্ট গোটাবায়া প্রতিশ্রুতি অনুযায়ী বুধবারই আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলে তাকে জানিয়েছেন।