সীমিত জ্বালানি সরবরাহ শুরু, স্বস্তি শ্রীলঙ্কায়
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট নিয়ে সপ্তাহশেষের সরকারবিরোধী বিক্ষোভে টালমাটাল পরিস্থিতির পর কয়েক জায়গায় সীমিত পরিসরে জ্বালানি ও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
সোমবার রাজধানী কলোম্বোজুড়ে ফিলিং স্টেশন এবং কমিউনিটি সেন্টারগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়েছে জ্বালানি নিতে আসা লোকজন। সেখানে ভিড় করে আছে ক্লান্তশ্রান্ত হয়ে পড়া হাজারো অধিবাসী।
কয়েকমাস ধরে জ্বালানি, খাবারসহ মৌলিক চাহিদার অন্যান্য জিনিসের স্বল্পতায় খাদের কিনারায় চলে গিয়েছিল যে নগরী, সেখানে এতদিন পর প্রথম জ্বালানি সরবরাহ শুরু মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে।
সোমবার কলোম্বোর স্লেভ আইল্যান্ড জেলায় শত শত মানুষ রান্নার গ্যাসের জন্য টোকেন নিয়ে অপেক্ষায় আছে। এর আগে রোববারেই দেশটিতে পৌঁছেছে তরল পেট্রোলিয়ামের একটি চালান।
পেট্রোল পাওয়ার জন্য কোনও কোনও গাড়ি চালক তিনদিন ধরে লাইন দিয়ে আছেন। ওদিকে, রান্নার গ্যাস নেওয়ার জন্য রাখা খালি নীল গ্যাস সিলিন্ডারের লাইনের শেষ যে কোথায় তাও বলা মুশকিল।
গ্যাস নিতে আসা এক অধিবাসী বিবিসি-কে বলেন, “আমার ছয়মাস ধরে রান্নার গ্যাস নেই। একবার আমি কেরোসিনের জন্য চারদিন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছি। এখনও আমি কিছু পাইনি।”
শ্রীলঙ্কায় কয়েকমাস ধরেই রান্নার গ্যাস নেই। আর জরুরি প্রয়োজনে ব্যবহারের গাড়িগুলোর জন্য জ্বালানি মজুদ রাখতে অনেকগুলো পেট্রোল স্টেশন দু-সপ্তাহের জন্য সাধারণ মানুষের কাছে পেট্রোল বিক্রি বন্ধ করে দিয়েছিল। এতে দেশের বেশির ভাগ জায়গাতেই অচলাবস্থা সৃষ্টি হয়।
এ পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে জ্বালানি ও গ্যাস সরাবরাহ শুরু হল। পুলিশ কর্মকর্তারা সোমবার লাইনে দাঁড়ানো জনতার ভিড়ের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, তাদের কেবল প্রায় ১ হাজার পরিবারকে দেওয়ার মতো যথেষ্ট টোকেন হাতে আছে।
এই ঘোষণা শুনে অধিবাসীদের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়। এক পুলিশ কর্মকর্তা গ্যাস সিলিন্ডারের লাইন ধরে এক এক করে পেছনে যাওয়ার সময় উৎকণ্ঠায় ছিলেন অধিবাসীরা।
অবশেষে লাইনের শেষে পৌঁছে পুলিশ কর্মকর্তা দেখলেন সবার জন্যই যথেষ্ট টোকেন আছে। আর তখন লাইনে দাঁড়ানো মানুষগুলোর চোখে-মুখে ফুটে উঠল স্বস্তি।
অন্যদিকে, লঙ্কা আইওসি পেট্রোল স্টেশনে সেনা ও পুলিশ কর্মকর্তারা মানুষের ভিড় সামলে এবং শৃঙ্খলা বজায় রাখার মধ্য দিয়ে জ্বালানি সরবরাহ করেছে।
তবে অনেক রুপি খরচ করে সামান্যই তেল পাচ্ছেন গাড়িচালকরা। টুক-টুক অটোরিকশার এক চালক বিবিসি-কে বলেছেন, মাত্র ৫ লিটার পেট্রোলের জন্য তাকে প্রায় তার অর্ধদিনের আয়- ২,৫০০ রুপি দিতে হয়েছে।
এবার নিয়ে সপ্তমবারের মতো তিনি পেট্রোলের জন্য দিনের পর দিন অপেক্ষা করে থেকেছেন। তার কথায়, “আমরা এই দেশে নিরাপদ বোধ করি না। আমরা ক্ষুধার্থও… শ্রীলংকায় আমাদের জীবন ঠিকঠাক চলছে না।”
