সিডনির হারবার ব্রিজে স্থায়ীভাবে লাগছে আদিবাসী পতাকা
অস্ট্রেলিয়ার অন্যতম আইকনিক স্থাপনা সিডনির সুপরিচিত হারবার ব্রিজে স্থায়ীভাবে লাগতে যাচ্ছে আদিবাসী পতাকা।
এ নিয়ে প্রচারণা চালানো কর্মীদের ৫ বছরের চেষ্টার পর নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সেতুটিতে ওই পতাকা যুক্ত করছে বলে জানিয়েছে বিবিসি।
চলতি বছরের শুরুর দিকে রাজ্যটির সরকার সেতুতে আদিবাসী পতাকা ও একটি নতুন পোল বা পতাকাদণ্ড লাগানোর কথা ঘোষণা করে। এ জন্য দুই বছর সময় ও আড়াই কোটি অস্ট্রেলীয় ডলার লাগবে বলেও জানায় তারা।
সময় ও খরচ নিয়ে সমালোচনার মুখে কর্মকর্তারা এখন বলছেন, সেতুতে থাকা পোলেই যত দ্রুত সম্ভব পতাকাটি লাগানোর ব্যবস্থা করছেন তারা।
সেতুটিতে এতদিন অস্ট্রেলিয়া এবং এনএসডব্লিউর পতাকা থাকতো; বছরের কিছু কিছু দিনে এএনএসডব্লিউর পতাকার জায়গায় স্থান পেত আদিবাসী পতাকা।
নতুন সিদ্ধান্তের ফলে হারবার ব্রিজে আর এনএসডব্লিউর পতাকা থাকছে না, তার বদলে থাকবে আদিবাসী পতাকা।
এনএসডব্লিউ রাজ্যের পতাকাটি সিডনির অন্য কোথাও রাখার পরিকল্পনা চলছে, তবে কোথায় সেটি লাগানো হবে, তা এখনও ঠিক হয়নি।
গত সপ্তাহে ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ডেনিয়েল অ্যান্ড্রুজও মেলবোর্নের ওয়েস্ট গেস্ট ব্রিজে রাজ্যের পতাকার জায়গায় আদিবাসী পতাকা লাগানো হবে বলে ঘোষণা দিয়েছেন।
