২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বামপন্থি নেতাকে মেরে নিজেও মরলেন বোলসোনারো সমর্থক

ব্রাজিলে বামপন্থি বিরোধী দলের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করেছে দেশটির কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থক এক ফেডারেল কারারক্ষী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 01:04 PM

Updated : 14 Jul 2022, 07:01 PM

নিহত মার্সেলো আরুদা ছিলেন নিরাপত্তা কর্মী ও ওয়ার্কার্স পার্টির (পিটি) কর্মকর্তা।

শনিবার ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর ফস দ্য ইগুয়াচুতে নিজের জন্মদিনের অনুষ্ঠানেই তিনি জর্জ হোসে দা রোচা গুয়ারানহোর গুলিতে মারা যান বলে রাজ্য পুলিশের প্রতিবেদন ও এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গুলি করার আগে গুয়ারানহো চিৎকার করে বোলসোনারোর গুণগান করেছিলেন।

গুলি খাওয়ার পর সশস্ত্র আরুদাও পাল্টা গুলি চালান, তাতে গুয়ারানহোও নিহত হয়েছে বলে এক বিবৃতিতে বলেছে পিটি।

এই দুইজনের মৃত্যু রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সহিংসতার পরিমাণ চরমে ওঠারই ইঙ্গিত দিচ্ছে। অক্টোবরে হতে যাওয়া নির্বাচনে পিটির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারোর মুখোমুখি হবেন।

বিভিন্ন জনমত জরিপে এখন পর্যন্ত লুলাকে কট্টর-ডানপন্থি বোলাসোনারোর থেকে বেশ এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।

বামপন্থিদের তীব্র সমালোচক বোলসোনারো নির্বাচনে পরাজিত হলে ভোটে কারচুপির ভিত্তিহীন অভিযোগ এবং ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি নিয়ে আপত্তি তুলে ফল মেনে নাও নিতে পারেন বলে গুঞ্জন ভাসছে।

পারানা রাজ্য পুলিশের প্রতিবেদন ও রয়টার্সকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, শনিবার আরুদার জন্মদিনের অনুষ্ঠানে বিনা আমন্ত্রণেই বন্দুক নিয়ে হাজির হন গুয়ারানহো। তিনি সেখানে উপস্থিতদের অকথ্য ভাষায় গালাগাল এবং বোলসোনারোর গুণগান করেন।

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা সাংবাদিক আলুইজিও পালমার বলেন, এক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে চিৎকার করে বোলসোনারোর প্রশস্তি গাইতে শুরু করেন, প্রেসিডেন্টকে তিনি ‘কিংবদন্তি’ অ্যাখ্যা দেন।

কিছুক্ষণ পর ওই ব্যক্তি অনুষ্ঠানস্থল ছেড়ে গেলেও ১৫-২০ মিনিট পর ফিরে এসে আরুদার দিকে বন্দুক তাক করেন।

আরুদা তাকে থামতে বলেন এবং জানান তিনি (আরুদা) নিরাপত্তা বাহিনীর সদস্য।

এরপর গুয়ারানহো গুলি ছুড়লে আরুদাও পাল্টা গুলি ছোড়েন। একে অপরের ছোড়া গুলিতে দুজনই মারা যান।

“আরেক প্রিয় কমরেডকে হারিয়েছি আমরা, ‍যিনি অসহিষ্ণুতা, বিদ্বেষ ও রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন,” এক বিবৃতিতে বলেছেন পিটি’র ন্যাশনাল প্রেসিডেন্ট গ্লেসি হফম্যান। 

এ প্রসঙ্গে মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে বোলসোনারোর কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ব্রাজিলের এই প্রেসিডেন্টকে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ২০১৮ সালের একটি পোস্টকে পুনরায় হাজির করতে দেখা গেছে, যেখানে ‘বিরোধীদের ওপর সহিংসতার চর্চা করাদের সমর্থন নিতে অস্বীকৃতি জানানোর’ কথা বলা হয়েছিল। 

“ধারাবাহিকতা রক্ষার স্বার্থে, এই ধরনের লোকজনকে আমি পক্ষ বদলে বামদের সমর্থন করার অনুরোধ করছি,” টুইটারে এমনটাই লিখেছেন তিনি।