দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৫
দক্ষিণ আফ্রিকায় একটি বারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশটির সর্ববৃহৎ শহর জোহানেসবার্গের কাছে সোয়েটোতে অরল্যান্ডো ইস্ট বারে রোববার ভোরের আগে এ হামলা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বন্দুকধারীরা বারটিতে ঢুকে সেখানে থাকা তরুণদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানোর পর একটি সাদা মিনিবাসে করে পালিয়ে যায়।
গুলিতে আহত দের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
হতাহতদের সবার বয়স ১৯ থেকে ৩৫ এর মধ্যে বলেই ধারণা করা হচ্ছে।
পুলিশ সন্দেহভাজনদের খোঁজে অভিযানে নামলেও এখন পর্যন্ত তাদের সংখ্যা বা পরিচয় জানা যায়নি, বিবৃতিতে বলেছে গাউটেং প্রদেশের পুলিশপ্রধান লেফটেনেন্ট জেনারেল এলিয়াস মাউয়েলার কার্যালয়।
পৃথক এক ঘটনায় দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ কোয়াজুলু-নাটালের একটি বারে গুলির ঘটনায় ৪ জন নিহত হয়েছে বলেও রোববার জানিয়েছে পুলিশ।
