২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাচার হওয়া ইরানি ক্ষেপণাস্ত্র জব্দের দাবি ব্রিটিশ নৌবাহিনীর

চলতি বছরেরর শুরুর দিকে পাচার হওয়া কয়েকশ’ ইরানি ক্ষেপণাস্ত্র জব্দ করার কথা জানিয়েছে ব্রিটিশ নৌবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 06:16 PM

Updated : 14 Jul 2022, 06:59 PM

বৃহস্পতিবার তারা বলেছে, ক্ষেপণাস্ত্রসহ অনেকগুলো ক্রুজ ইঞ্জিন জব্দ করা হয়েছে।

ব্রিটিশ রয়েল নৌবাহিনী তাদের এক বিবৃতিতে বলেছে, ফ্রিগেট এইচএমএস মন্ট্রোজ যুদ্ধজাহাজের একটি হেলিকপ্টার ২৮ জানুয়ারি ও ২৫ফেব্রুয়ারি ইরানের উপকূল থেকে উন্নত অস্ত্রসহ ক্ষেপণাস্ত্রের ক্রুজ ইঞ্জিন জব্দ করে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ নৌবিহিনীর দাবি প্রত্যাখ্যান করেছে এবং সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে অস্ত্র বিক্রি করে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে ব্রিটেনের জড়িত থাকার পালটা অভিযোগ করেছে।

মুখপাত্র নাসের কানানিকে উদ্ধৃত করে মন্ত্রণালয় টুইটে লিখেছে,  “ইয়েমেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধরত সামরিক জোটের কাছে ক্রমাগত উন্নত অস্ত্র বিক্রি করছে ব্রিটেন।  তারা ইয়েমেনে আগ্রাসনের অংশীদার হয়েছে এবং একটি ইসলামিক প্রজাতান্ত্রিক দেশ সম্পর্কে ভিত্তিহীন অভিযোগ করার নৈতিক অবস্থান তাদের নেই।”

ব্রিটিশ রয়াল নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, “জব্দকৃত অস্ত্রগুলো প্রযুক্তিগতভাবে বিশ্লেষণ করে দেখার জন্য যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছে। চালানটিতে ইরানের ৩৫১টি স্থল হামলার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৩৫৮টি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের জন্য একাধিক রকেট ইঞ্জিন ছিল।”

তবে ক্ষেপণাস্ত্রগুলো কোথায় ছিল তা জানায়নি তারা। তাদের ভাষ্য, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো অন্তত ১০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এগুলো প্রায়ই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ব্যবহার করে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও এই অস্ত্র জব্দ অভিযান সমর্থন করেছে বলেও জানিয়েছে রয়েল নেভি।