২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপস্টাইনের বান্ধবী গিলেইন ম্যাক্সওয়েলের ২০ বছরের সাজা

কিশোরীদের যৌন নিপীড়নে মার্কিন ধনকুবের জেফরি এপস্টাইনকে সহায়তা করার দায়ে তার বান্ধবী গিলেইন ম্যাক্সওয়েলকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউউ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2022, 01:35 PM

Updated : 02 Aug 2022, 01:55 PM

তার বিরুদ্ধে অভিযোগ ছিল, নিজের প্রেমিক এপস্টেইনের জন্য ‘যৌনদাসী’ হিসেবে চার কিশোরীকে তিনি পাচার করেছিলেন। গত বছরের ডিসেম্বরে ওই অভিযোগে দোষী সাব্যস্ত হন ষাট বছর বয়সী ম্যাক্সওয়েল।

বিবিসি লিখেছে, মামলার বাদীদের একজন নিউ ইয়র্কের আদালতের বাইরে বলেছেন, ম্যাক্সওয়েলের বাকি জীবন কারাগারেই কাটানো উচিৎ।

নারীদের যৌন কাজে বাধ্য করা এবং পাচারের অভিযোগে বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় ২০১৯ সালে ম্যানহটনের একটি কারাগারে আত্মহত্যা করেন এপস্টাইন।

এর মধ্যে যেসব অভিযোগে ম্যাক্সওয়েলের সাজা হল, সেগুলো ঘটেছিল ১৯৯৪ থেকে ২০০৪ সালের মধ্যে। কারাদণ্ডের পাশাপাশি তাকে সাড়ে সাত লাখ ডলার অর্থদণ্ড দিয়েছে আদালত।

বিচারক অ্যালিসন জে নাথন তার রায়ে বলেন, ম্যাক্সওয়েল যা করেছেন, তা ‘জঘন্য’ অপরাধ।

“বেছে বেছে অল্পবয়সী মেয়েদের বেছে নিত এপস্টাইন, যে মেয়েরা দুর্দশার মধ্যে আছে। আর এ কাজে তাকে সহযোগিতা করেছেন ম্যাক্সওয়েল। ওই মেয়েদের যৌন নিগ্রহে ম্যাক্সওয়েলের বড় ভূমিকা ছিল।”

বিচারক বলেন, এ মামলার বিচারে বাদীপক্ষ আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে। আর তিনিও একটি ‘অব্যর্থ বার্তা’ দিতে চান, যে এ ধরনের অপরাধ করে কেউ পার পেতে পারে না।

২০২০ সালের জুলাই থেকে ব্রুকলিনের একটি কারাগারে রয়েছেন ম্যাক্সওয়েল। তার আইনজীবীরা শুনানিতে বলেছিলেন, যে অভিযোগ আনা হয়েছে, তাতে পাঁচ বছরও সাজা হওয়া উচিত না।

বিবিসি লিখেছে, জনাকীর্ণ আদালতে ম্যাক্সওয়েল সামনের দিকে তাকিয়ে ছিলেন। রায় শুনে তার মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি।

এর আগে তিনি বলেছিলেন, নিগ্রহের শিকার সেইসব নারীদের জন্য তিনি ব্যথিত। আশা করেছিলেন, তার জেল হলে হয়ত নির্যাতিতদের জীবনে শান্তি আসবে।

আরও পড়ুন

কিশোরীদের যৌননিগ্রহে সহায়তা, ফেঁসে গেলেন গিলেইন ম্যাক্সওয়েল