২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা দল পাঠিয়ে অজানা রোগ ঠেকাতে লড়ছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে দেখা দেওয়া অন্ত্রের অজানা রোগের বিরুদ্ধে লড়াই করতে ওই অঞ্চলে চিকিৎসক দল এবং মহামারী সংক্রান্ত তদন্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে বলে খবর দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jun 2022, 09:24 PM

Updated : 02 Aug 2022, 01:49 PM

অজানা ওই রোগটি কলেরা বা টাইফয়েড হতে পারে বলে ধারণা দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের। যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো সেটিকে ‘তীব্র অন্ত্রের মহামারী’ (একিউট এন্টেরিক এপিডেমিক) বলে বর্ণনা করা হচ্ছে।

সংবাদ সংস্থা কেসিএনএ গত বৃহস্পতিবার প্রথম সংক্রামক ওই রোগের কথা প্রকাশ করে। বলা হয়, দেশটির প্রধান কৃষি অঞ্চল সাউথ হোয়াংহাই প্রদেশে অবস্থিত ওই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।

রোববার কেসিএনএ-র খবরে বলা হয়, এখন পর্যন্ত সাউথ হোয়াংহাই প্রদেশে   মহামারীতে আক্রান্ত অন্তত ৮০০ পরিবারকে সরকার থেকে সহায়তা দেয়া হয়েছে।

বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়া চরম খাদ্য সংকটে ভুগছে। তার উপর সেখানে কোভিড-১৯ মহামারীর সংক্রমণ মারাত্মক রূপ ধারণ করেছে। এখন নতুন করে এই মহামারী দেশটির অবস্থা আরো নাজুক করে তুলেছে।

রোববার কেসিএনএ ওই রোগ প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত খবর প্রকাশ করে বলে জানায় বিবিসি।

সেখানে কোয়ারেন্টিন ব্যবস্থা, সব বাসিন্দাদের জন্য নিবীড় পরীক্ষা, বিশেষ চিকিৎসা এবং শিশু ও বয়স্ক মানুষ যারা অধিক ঝুঁকিপূর্ণ তাদের উপর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

উত্তর কোরিয়ায় কোভিডের মধ্যেই আরেক সংক্রামক রোগের প্রাদুর্ভাব  

এছাড়া, একটি জাতীয় ‘দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসা দল’ স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মিলে কাজ করছে।

যেহেতু সাউথ হোয়াংহাই প্রদেশে দেশটির প্রধান কৃষি অঞ্চল তাই সংক্রামক এ রোগের বিস্তারের কারণে যেন কৃষিকাজ ব্যাহত না হয় তা নিশ্চিত করতেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় কেসিএনএ।

পানীয়জল ও গৃহস্থালী কাজের পানির নিরাপত্তা নিশ্চিত করতে পয়ঃনিষ্কাশন ও অন্যান্য বর্জ্যসহ সবকিছু জীবাণুমুক্ত করার কাজও চলছে।