ওমিক্রনে দীর্ঘ কোভিডের ঝুঁকি কম, বলছে যুক্তরাজ্যের গবেষণা
করোনাভাইরাসের অন্য ধরনগুলোর তুলনায় ওমিক্রনের কারণে লং কোভিড বা দীর্ঘ কোভিডের ঝুঁকি কম। বিজ্ঞানীদের এ বিষয়ক প্রথম এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
জোয়ি কোভিড উপসর্গ গবেষণা অ্যাপের মাধ্যমে নেওয়া তথ্য ব্যবহার করে কিংস কলেজ লন্ডনের গবেষকরা দেখেছেন, ডেল্টার তুলনায় যুক্তরাজ্যে ওমিক্রন ঢেউয়ের সময় আক্রান্তদের মধ্যে দীর্ঘ কোভিডের হার ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কম ছিল।
রোগীদের বয়স ও শেষ টিকা নেওয়ার সময়ের ভিত্তিতে দীর্ঘ কোভিডের হারে এ তারতম্য দেখা গেছে বলেও জানিয়েছেন গবেষকরা।
কেউ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর - তা গুরুতর বা মৃদু যাই হোক না কেন - ১২ সপ্তাহ পার হয়ে গেলেও যদি রোগীর দেহে ক্লান্তি থেকে শুরু করে মস্তিষ্কের প্রতিক্রিয়া ধীর হয়ে যাওয়াসহ নানামাত্রিক অসুস্থতার লক্ষণ রয়ে যায়, তাহলে ধরে নেওয়া যায় যে তার লং বা দীর্ঘ কোভিড হয়েছে।
লম্বা সময় ধরে থাকা এই কোভিড রোগীকে ভয়াবহ দুর্বল করে দিতে পারে।ক্রমশই এটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে স্বীকৃত হয়ে উঠছে। করোনাভাইরাসের অন্য ধরনগুলোর মতো ওমিক্রনও দীর্ঘ কোভিডের জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে এসেছে কিনা, তা বের করতে গবেষকদের দৌড়ঝাঁপও বাড়ছে।
কিংস কলেজের গবেষণাটিই সম্ভবত প্রথম প্রাতিষ্ঠানিক গবেষণা যেখানে ওমিক্রন যে দীর্ঘ কোভিডের জন্য বড় ধরনের ঝুঁকি নয় তা দেখানো হয়েছে। অবশ্য এর মানে এই নয় যে, দীর্ঘ কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে, বলছে গবেষণা দল।
ওমিক্রনের ঢেউয়ের সময় দীর্ঘ কোভিডের ঝুঁকি কম থাকলেও অনেক বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় আদতে ভোগান্তি পোহানো রোগীর সংখ্যা বেশিই আছে।
“(ঝুঁকি কম) ভালো খবর, কিন্তু দয়া করে দীর্ঘ কোভিডের জন্য যেসব সেবা আছে তার কোনোটিই বন্ধ করবেন না,” স্বাস্থ্যসেবাদানকারীদের উদ্দেশ্যে আকুতি জানিয়ে বলেন গবেষকদলের প্রধান ড. ক্লেয়ার স্টিভস।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে, মে মাসে ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর দেশটিতে ৪ লাখ ৩৮ হাজার মানুষের দীর্ঘ কোভিড দেখা গেছে, যা দেশটির মোট দীর্ঘ কোভিড রোগীর ২৪ শতাংশ।
ডেল্টার তুলনায় ওমিক্রনের পর দীর্ঘ সময় উপসর্গ থাকার ঝুঁকি টিকার দুই ডোজ নেওয়াদেরই কম দেখা গেছে, জানিয়েছে তারা। টিকার তিন ডোজ নেওয়াদের ক্ষেত্রে পরিসংখ্যানগত কোনো পার্থক্যও পায়নি তারা।
কিংস কলেজের গবেষণায় যুক্তরাজ্যে ওমিক্রন সর্বোচ্চ শিখরে থাকা অবস্থায় গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের মার্চ পর্যন্ত ৫৬ হাজার ৩ জনের মধ্যে সাড়ে ৪ শতাংশের মধ্যে দীর্ঘ কোভিড পাওয়া যায়। গত বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ডেল্টার ঢেউয়ের সময় ৪১ হাজার ৩৬১ জনের তথ্য পরীক্ষা করে এ হার দেখা যায় ১০ দশমিক ৮ শতাংশ।
কিংস কলেজের পরীক্ষায় টিকা নেওয়া এবং না নেওয়াদের মধ্যে কোনও তুলনা করা হয়নি।
বৃহস্পতিবার ল্যানসেট জার্নালে প্রকাশিত এ গবেষণায় ডেল্টা ও ওমিক্রন ধরনের মধ্যে তুলনা করা হলেও ড. স্টিভ বলেছেন, আগের গবেষণাগুলোতে কোভিডের ভিন্ন ভিন্ন ধরনের কারণে দীর্ঘ কোভিডের ঝুঁকির ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও পার্থক্য দেখা যায়নি।
ওমিক্রনে দীর্ঘ কোভিডের ঝুঁকি কম কেন, তা জানতে আরও গবেষণা প্রয়োজন, বলেছে গবেষক দলটি।
