২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেদনাদায়ক ক্ষতি ভোগ করছে ইউক্রেইন: জেলেনস্কি

পূর্বাঞ্চলীয় সিয়েভিয়ারোদোনেৎস্ক শহর ও খারকিভ অঞ্চল, উভয় স্থানেই রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেইনীয় বাহিনীগুলো বেদনাদায়ক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2022, 10:21 AM

Updated : 02 Aug 2022, 01:47 PM

মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ইউক্রেইনের এখন আরও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র দরকার।

অংশীদার দেশগুলোর সরবরাহ দেরি করার কোনো যুক্তি থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি; জানান, রাশিয়ার কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এড়িয়ে আঘাত হানছে এবং হতাহতের কারণ হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেইনের নিয়ন্ত্রণাধীন অঞ্চল এবং সিয়েভিয়ারোদোনেৎস্কের মধ্যকার শেষ সেতুটিও রুশ বাহিনীর হামলায় ধ্বংস হওয়ার পরও তাদের বাহিনীগুলো বেসামরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে বলে ইউক্রেইন জানিয়েছে।

রাশিয়া এখন পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চাইছে আর তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে ইউক্রেইনীয় বাহিনীগুলো। এ নিয়ে অঞ্চলটিতে দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।

“আগের মতোই সিয়েভিয়ারোদোনেৎস্ক এবং নিকটবর্তী শহর ও এলাকাগুলোতে তীব্র লড়াই চলছে। দুর্ভাগ্যবশত বেদনাদায়ক ক্ষয়ক্ষতি হচ্ছে,” বলেছেন জেলনস্কি।

“কিন্তু আমাদের শক্ত থাকতে হবে- দনবাসে শক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রুরা যত ক্ষতির মুখে পড়বে আগ্রাসন চালানোর মতো শক্তি তার ততই কমে যাবে,” বলেছেন তিনি।

জেলেনস্কি জানান, কিইভের পূর্বে খারকিভ অঞ্চলেও ইউক্রেইন ‘বেদনাদায়ক ক্ষতি’ প্রত্যক্ষ করছে, সম্প্রতি রুশ বাহিনীকে সেখানে থেকে হটিয়ে দেওয়ার পর তারা ফের তাদের অবস্থান জোরদার করার চেষ্টা করছে।

ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেন, “সেখানে লড়াই চলছে এবং আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, কঠিন লড়াই করতে হবে।”