২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিয়েভিয়ারোদোনেৎস্কের যোদ্ধাদের আত্মসমর্পণ করতে বলল রাশিয়া

ইউক্রেইনের অবরুদ্ধ সিয়েভিয়ারোদোনেৎস্ক নগরীর আজত রাসায়নিক প্ল্যান্টের ইউক্রেইনীয় সেনাদের মস্কো সময় বুধবার ০৮:০০টার মধ্যে অস্ত্র সমর্পণ করতে বলেছে রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2022, 09:46 PM

Updated : 02 Aug 2022, 01:46 PM

যোদ্ধাদেরকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা দেওয়ার পর রাশিয়া এই নির্দেশ দেয়।

রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান মিখাইল মিজিনৎসেভের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বলেছে, যোদ্ধাদেরকে অর্থহীন প্রতিরোধ লড়াই বাদ দিয়ে অস্ত্র নামিয়ে রাখতে বলা হয়েছে।

ইউক্রেইন বলছে, ইউক্রেইনের নিয়ন্ত্রণাধীন অঞ্চল এবং সিয়েভিয়ারোদোনেৎস্কের মধ্যকার শেষ সেতুটিও রুশ বাহিনীর হামলায় ধ্বংস হওয়ার পরও যোদ্ধারা নগরীর নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

এর আগে এক খবরে বিবিসি জানিয়েছিল, রাশিয়া আজত রাসায়নিক প্ল্যান্টে আটকা পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য একটি নিরাপদ করিডোর স্থাপনের প্রস্তাব দিয়েছে।

বুধবার এই করিডোর দিয়ে কয়েকশ মানুষকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে। বেসামরিক এই নাগরিকদেরকে বিচ্ছিন্নতাবাদী লুহানস্ক অঞ্চলে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে রুশ সেনাবাহিনী।