২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খারকিভে রাশিয়ার গুচ্ছ বোমা ব্যবহারের প্রমাণ মিলেছে: অ্যামনেস্টি

ইউক্রেইনের উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী খারকিভে রুশ বাহিনী নির্বিচারে গোলা বর্ষণ এবং নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার করে শত শত বেসামরিক মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2022, 10:28 PM

Updated : 14 Jul 2022, 06:22 PM

নতুন এক গবেষণার ভিত্তিতে অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হয়, রুশ বাহিনীর বারবার ৯এন২১০/৯এন২৩৫ ক্ল্যাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহারের প্রমাণ তারা পেয়েছে। একই সঙ্গে তারা বিক্ষিপ্তভাবে সমরাস্ত্র ব্যবহার করেছে। রুশ বাহিনী রকেটের মাধ্যমে ছোট ছোট মাইন ছুড়েছে। যেগুলো সময় শেষ হওয়ার পর বিস্ফোরিত হয়েছে।

বিবিসি থেকেও খারকিভের পাঁচটি আলাদা আলাদা আবাসিক এলাকা পরিদর্শন করা হয়েছে। সেখানে তারা অন্যান্য সমরাস্ত্রের সঙ্গে গুচ্ছ বোমা ব্যবহারের প্রমাণ পেয়েছে।

ওই সব স্থানের ছবি তুলে সেগুলো অস্ত্র বিশেষজ্ঞদের দেখানো হয়েছে এবং তারা খারকিভে গুচ্ছ বোমা ব্যবহার হয়েছে বলে মত দিয়েছেন। গুচ্ছ বোমার ব্যবহার নিয়ে এত বিতর্কের কারণ হচ্ছে, বোমাটি আকাশে ছুড়ে মারার পর সেটি থেকে অনেকগুলো ছোট ছোট বোমা বের হয়ে বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

এর ফলে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। এমনকি ছোট ছোট বোমাগুলো অনেক সময় অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে এবং বছরের পর বছর ধরে হুমকির কারণ হয়ে থাকে। যে কারণে ১২০টির বেশি দেশ এই বোমার ব্যবহার বন্ধে একটি চুক্তি সই করেছে। যদিও রাশিয়া বা ইউক্রেইন কেউ ওই চুক্তিতে সই করেনি।

খারকিভের বাসিন্দা আইভান লি‍ৎভিনিয়েঙ্কোর স্ত্রী ওকসানা গুচ্ছ বোমার আঘাতে গুরুতর আহত হয়ে পরে মারা যান। লিৎভিনিয়েঙ্কো বিবিসি-কে ঘটনার দিনের বর্ণনায় বলেন, তিনি তার স্ত্রী এবং পাঁচ বছরের মেয়েকে নিয়ে একটি খেলার মাঠে হাঁটছিলেন। তাদের ১৪ বছরের ছেলে তখন বাড়িতে ছিল। হঠাৎই সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটে।

“হঠাৎ করে আমি আলোর ঝলক দেখি এবং প্রথম বিস্ফোরণে শব্দ পাই। আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে একটি গাছের দিকে ঠেলে দেই। ওই সময় আমার স্ত্রী ওকসানা প্রায় পাঁচ মিটার দূরে ছিল এবং সে মাটিতে ঢলে পড়ে।”

“বোমার স্প্লিন্টার ওকসানার পিঠে, বুকে এবং পেটে লাগে। তার ফুসফুস ছিদ্র হয়ে যায় এবং মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। দুই মাস আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রোববার মারা যান ওসকানা।”

লিৎভিনিয়েঙ্কো বলেন, ‘‘চিকিৎসকরা বেশ কয়েকবার তার অস্ত্রোপচার করেছে। কিন্তু তার শরীর এই আঘাতের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি।”

ঘটনার দিন পরপর অনেকগুলো বোমা বিস্ফোরিত হয়েছে বলে জানান লিৎভিনিয়েঙ্কো। তিনি বলেন, ‘‘একের পর এক অনেকগুলো বোমা ফেটেছে।”ওই সময় নিজেদের অ্যাপার্টমেন্ট থেকে আরো দুইজন একসঙ্গে অনেকগুলো বোমা বিস্ফোরিত হতে শুনেছেন।

তাদের একজন ২৬ বছরের ডানিয়া ভোলিনেৎস বলেন, ‘‘আপনি কয়েক মিনিট ধরে বোমার বিস্ফোরণ শুনতে পাবেন। বাইরে বেরিয়ে আমরা কয়েকটি জ্বলন্ত গাড়ি দেখতে পাই। দেখে মনে হচ্ছিল সবকিছু জ্বলছে।”

আরেক বাসিন্দা ৫৩ বছরের নার্স তেতিয়ানা আহাইয়েভা অ্যামনেস্টিকে বলেন, ‘‘হঠাৎ করেই সেখানে চারিদিকে আতশবাজি ফোটার মত শব্দ পাওয়া যাচ্ছিল। অনেক গুলো, সব জায়গায়।”

“আমরা মাটিতে বসে পড়ি এবং কিছুর আড়ালে যাওয়ার চেষ্টা করি। আমাদের প্রতিবেশীর ১৬ বছরের ছেলে ঘটনাস্থলেই মারা যায়। স্প্লিন্টারের আঘাতে ওর বুকে এক সেন্টিমিটার চওড়া গর্ত হয়েছিল। ওর বাবার নিতম্বের হাড় ভেঙ্গে গেছে। একটি স্প্লিন্টার ওনার পায়েও আঘাত করেছে।”

এরমক আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান নিয়ে অ্যামনেস্টি তাদের প্রতিবেদন প্রস্তুত করেছে বলে জানায় বিবিসি।