২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নাম নিয়ে রাশিয়ায় নতুন ম্যাকডোনাল্ড’স

নতুন রুশ মালিকানা ও নাম নিয়ে রাশিয়ায় নতুনভাবে খুলেছে বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ড'স। এর নতুন নামকরণ করা হয়েছে ‘কুজনা ই তোশা,’ যার অনুবাদ করলে অর্থ দাঁড়ায় (সুস্বাদু এবং কেবল এটুকুই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2022, 08:17 PM

Updated : 14 Jul 2022, 06:22 PM

গত মাসেই ম্যাকডোনাল্ড'স জানিয়েছিল, তারা রাশিয়ায় নিজেদের রেস্তোরাঁগুলো সেখানকারই স্থানীয় মালিকের কাছে বিক্রি করে দিচ্ছে, যার নাম অ্যালেক্সান্ডার নিকোলায়েভিচ গভর।

২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রুশ আগ্রাসনের পর আমেরিকান এই ফাস্টফুড কোম্পানি ম্যাকডোনাল্ডস রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয়।

রোববার মস্কোয় নতুন মালিকানায় এবং নতুন নামে রেস্তোরাঁটির উদ্বোধন হয়েছে। এ যেন মার্কিন একটি প্রতীককে রুশ প্রতীকে বদলে ফেলা।

প্রাথমিকভাবে রাজধানী মস্কো ও এর আশেপাশে রোববার ১৫টি এবং সোমবার আরও ৫০টি রেস্তোঁরা চালু হচ্ছে এবং এভাবে জুনের শেষে ২শ’ টি শাখা খোলার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

এক সংবাদ সম্মেলনে কোম্পানির নির্বাহী কর্মকর্তা ওলেগ পারোয়েভ বলেন, “অভ্যাগতরা যাতে রেস্তোঁরার পরিবেশ এবং খাবারের গুনগতমানে কোনও তফাৎ দেখতে না পান সেটিই আমাদের লক্ষ্য।”

কোম্পানি ৫১ হাজার কর্মচারী নিয়োগ করেছে বলে জানিয়েছেন নতুন মালিক অ্যালেক্সান্ডার গভর। তিনি বলেন, রেস্তোঁরায় খাবারের দাম ক্রেতাদের সামর্থ্যের মধ্যেই রাখা হবে।

তবে কিছুদিন পর দাম সামান্য বাড়ার সম্ভাবনাও নাকচ করেননি গভর। ১৯৯০ সালে মস্কোর যে পুশকিন স্কয়ারের প্রথম ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ খোলা হয়েছিল, সেখানেই খোলা হয়েছে এবারের নতুন ব্র্যান্ডের নতুন নামের এই রোস্তোঁরা।