২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থপাচার মামলায় রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ

অর্থপাচারের একটি ‍মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীকে ডেকে পাঠান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্ত কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2022, 08:01 PM

Updated : 25 Oct 2022, 10:44 AM

ইডি দপ্তরে সোমবার রাহুলকে প্রায় তিনঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান কংগ্রেসের এক নেতা।

ভারতের আর্থিক দুর্নীতি–সংক্রান্ত তদন্তকারী সংস্থা ইডি থেকে রাহুলকে সমন জারি করার প্রতিবাদে রাজধানী দিল্লির রাজপথে এদিন বিক্ষোভ করেন কংগ্রেস নেতাকর্মীরা।

নয় বছর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন পার্লামেন্ট সদস্য রাহুল এবং তার মা কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা করেন।

কোভিড সংক্রান্ত জটিলতায় অসুস্থ সোনিয়া বর্তমানে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন। রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৫ বছর বয়সী সোনিয়ার গত ২ জুন কোভিড শনাক্ত হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইডির সমনের বিষয়ে কংগ্রেস পার্টির মুখপাত্র রণদ্বীপ সিং বলেন, রাহুল ও সোনিয়া গান্ধী এবং কংগ্রেস পার্টি অবৈধ কিছু করেনি। এই তদন্ত রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত।

‘‘আমরা লড়াই চালিয়ে যাব, আমরা নির্ভয়ে লড়ব। আমরা প্রতিটি প্রশ্নের উত্তর ‍দেব।”

ভারতের অর্থমন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থপাচার এবং বৈদেশিক মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের বিষয়ে তদন্ত করে। রাহুলের মামলার বিষয়ে জানতে রয়টার্স থেকে সংস্থাটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ইডি দপ্তরে হাজির হতে সোমবার রাহুল প্রথমে দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে যান। সেখান থেকে নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে ইডি’র দপ্তরের দিকে রওয়ানা হন।

পথে পুলিশ কয়েক দফা মিছিলে বাধা দেয়। কংগ্রেস নেতারা বাধা উপেক্ষা করে এগিয়ে যান। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয় এবং রাহুল তার আইনজীবীকে নিয়ে ইডি দপ্তরে যান। ওই সময় কংগ্রেস নেতারা সড়কে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ তাদের কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে।

রাহুল এবং তার মা সোনিয়ার বিরুদ্ধে বিজেপি এমপি সুব্রামানিয়াম স্বামীর যে অভিযোগ করেন তাতে বলা হয়, তারা কাগজেকলমে একটি কোম্পানি (বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই) দেখিয়ে প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের সম্পদ হাতিয়ে নিয়েছেন।

যেটি ‘ন্যাশনাল হেরাল্ড’ ‍মামলা নামে পরিচিত। কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগের বিন্দুমাত্র সত্যতা নেই। ইডি একসময় মামলাটি বন্ধ করে দিয়েছিল। পরে আবার রাজনৈতিক কারণে সেটি চালু করা হয়েছে।

যে সম্পদ নিয়ে এই মামলা হয়েছে সেটি একটি ফার্মের। ওই ফার্ম থেকে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা প্রকাশ করা হয়েছিল। ১৯৩৭ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ওই ফার্মটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি রাহুল গান্ধীর পিতামহ।