২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে কারখানায় সহকর্মীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি কারখানায় সহকর্মীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 10:09 AM

Updated : 14 Jul 2022, 06:21 PM

পরে বন্দুকধারীর গুলিতে পুলিশের এক সদস্যও গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন কারখানায় এ গুলির ঘটনা ঘটে।

পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর বন্দুকধারীকে আটক করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২৩ বছর বয়সী ওই বন্দুকধারীর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ওয়াশিংটন কাউন্টির শেরিফ ডগলাস মুলেনডোর এক সংবাদ সম্মেলনে জানান, সহকর্মীদের ওপর গুলি চালিয়ে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় মেরিল্যান্ড রাজ্য পুলিশের এক সদস্যের সঙ্গে বন্দুকধারীর গুলি বিনিময়ে দুজনই আহত হন।

পরে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি, সম্ভাব্য মোটিভও বলেননি।

কলম্বিয়া মেশিনের এক মুখপাত্র বলেছেন, তাদের কোম্পানি গুলির ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সহায়তা করছে।

কোম্পানিটির ওয়েবসাই অনুযায়ী, তারা শতাধিক দেশের ক্রেতাদের কাছে কংক্রিট উৎপাদন সরঞ্জাম সরবরাহ করে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও মার্কিন ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ জানিয়েছে, তারা ঘটনাস্থলে তাদের এজেন্টদের পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক ‘ম্যাস শুটিং’ দেখা যাচ্ছে। গত মাসে ১৮ বছর বয়সী এক বন্দুকধারী টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে ঢুকে গুলি চালিয়ে ১৯ শিশু ও দু্ই শিক্ষককে মেরে ফেলে।

টেক্সাসের এই ঘটনার পাশাপাশি নিউ ইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে বন্দুকধারীর নির্বিচার গুলিতে ১০ জন নিহতের ঘটনা মার্কিন কংগ্রেসকে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন কার্যকরে নতুন প্রচেষ্টার দিকে ধাবিত করেছে।