সিয়েভিয়ারোদোনেৎস্কের যুদ্ধেই দনবাসের ভাগ্য নির্ধারিত হবে: জেলেনস্কি
ইউক্রেইনের সিয়েভিয়ারোদোনেৎস্ক শহরে রুশ ও ইউক্রেইনীয় বাহিনীর মধ্যে চলা যুদ্ধকে ‘নির্মম’ অভিহিত করে এখান থেকেই দনবাসের ভাগ্য নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
২০১৪ সালে দনবাসের রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা পক্ষত্যাগ করে ইউক্রেইনের সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আক্রমণ শুরু করার আগ পর্যন্ত দনবাসের এক তৃতীয়াংশ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে ছিল। ইউক্রেইনের রাজধানী কিইভের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার পর রাশিয়া এখন তাদের ভাষায় পুরো দনবাস ‘মুক্ত’ করার লক্ষ্য নিয়েছে।
এখন সিয়েভিয়ারোদোনেৎস্ক ও সংলগ্ন একটি ছোট শহরের দখল নিতে পারলে দনবাসের লুহানস্ক প্রদেশ পুরোপুরি রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে চলে যাবে।
বুধবার এক ভিডিও বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, “এটি খুব নির্মম একটি লড়াই, খুব কঠিন, সম্ভবত এ যুদ্ধের সবচেয়ে কঠিনতম (লড়াই) । দনবাসের লড়াইয়ের কেন্দ্র হয়ে উঠেছে সিয়েভিয়ারোদোনেৎস্ক। মূলত এখানেই এখন আমাদের দনবাসের ভাগ্য নির্ধারিত হচ্ছে।”
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিয়েভিয়ারোদোনেৎস্কে লড়াইরত ইউক্রেইনীয় যোদ্ধারা বুধবার পিছু হটে শহরটির প্রান্তে চলে যায়, কিন্তু তারপরও যতক্ষণ সম্ভব লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে তারা।
কামানের গোলার আঘাতে লুহানস্ক প্রদেশের শহরটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটির কেন্দ্রস্থল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে লুহানস্কের আঞ্চলিক গভর্নর শেরহি হাইদাই জানিয়েছেন।
বুধবার রাতে ইউক্রেইনের টেলিভিশনকে হাইদাই বলেন, “আমাদের যোদ্ধারা সিয়েভিয়ারোদোনেৎস্কর শিল্পাঞ্চলে অবস্থান নিয়েছে। তবে লড়াই শুধু এই শিল্পাঞ্চলেই হচ্ছে না, সিয়েভিয়ারোদোনেৎস্ক শহরেও হচ্ছে।”
ইউক্রেইনীয় বাহিনীগুলো এখনও সিভারস্কি দোনেছ নদীর পশ্চিমা পাশে সিয়েভিয়ারোদোনেৎস্কের অপেক্ষাকৃত ছোট যমজ শহর লিসিচ্যাংস্কের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, কিন্তু রাশিয়ার বাহিনীগুলো সেখানকার আবাসিক ভবনগুলো ধ্বংস করে দিচ্ছে বলে হাইদাই জানিয়েছেন।
এই দুই শহরের প্রকৃত পরিস্থিতি কী রয়টার্স তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এখন লুহানস্কের ৯৮ শতাংশেরও বেশি রাশিয়ার বাহিনীগুলোর নিয়ন্ত্রণে আছে বলে হাইদাই জানিয়েছেন।
