রাশিয়া নীতি নিয়ে সমালোচনার মুখে ক্ষমা চাইতে নারাজ মের্কেল
সাবেক জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল তার সরকার আমলের রাশিয়া-নীতি নিয়ে সমালোচনার মুখে এর জন্য ’ক্ষমা চাওয়ার কিছু নেই’ বলে জানিয়েছেন।
গত বছর ডিসেম্বরে ক্ষমতা ছাড়ার পর জনসম্মুখে প্রথম এক সাক্ষাৎকারে মের্কেল একথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেইন যুদ্ধের প্রেক্ষাপটে জার্মানির রাশিয়া নীতিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় শুরু হয়েছে৷ বাণিজ্যিক উদ্দেশে রাশিয়ার সঙ্গে সম্পর্ক পরিচালনা করে মের্কেল জার্মানিকে নাজুক অবস্থার মধ্যে রেখে গেছেন বলে অভিযোগ উঠেছে।
সমালোচকরা বলছেন, মের্কেলের আমলে বিশেষত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নানা অপকর্মে জার্মানি যথেষ্ট কড়া মনোভাব দেখায়নি। রাশিয়ার জ্বালানির ওপর জার্মানির ক্রমবর্ধমান নির্ভরতার খেসারত আজ দিতে হচ্ছে৷
১৬ বছরের শাসনামলে মের্কেল জার্মান-রুশ বাণিজ্যিক স্বার্থকে গুরুত্ব দিয়ে বিতর্কিত নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন তৈরি করেছিলেন। এ প্রকল্পের বিরোধিতা করেছিল ইউক্রেইন ও পূর্ব ইউরোপীয় দেশগুলো। ইউক্রেইনে রুশ আগ্রাসন শুরুর পর এ প্রকল্প স্থগিত করেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস।
ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করার চাপের মুখে জার্মানি এখন নিজ দেশের অর্থনীতির কোনও ক্ষতি না করে রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমানোর জন্য রীতিমত সংগ্রাম করছে।
তবে মের্কেল বলছেন, “ইউরোপ এবং রাশিয়া প্রতিবেশী। তারা একে অপরকে অবহেলা করতে পারে না। সব মতবিরোধের পরও আমাদের সহাবস্থানের জন্য একটি পথ খুঁজে বের করতে হবে।”
মঙ্গলবার বার্লিনের মঞ্চে দর্শকদের সামনে এক খোলামেলা সাক্ষাৎকারে মের্কেল অবশ্য ইউক্রেইনের রাশিয়ার হামলার তীব্র নিন্দা করেছেন ৷ কিন্তু নিজের আমলের রাশিয়া-নীতি নিয়ে তিনি কোনও আক্ষেপ করেননি।
মের্কেল বলেছেন, “রাশিয়ার বিরুদ্ধে যথেষ্ট কড়া মনোভাব দেখানোর চেষ্টা না করার জন্য আমি নিজেকে দোষ দেব না। আমাকে ‘সেটা ভুল ছিল’ বলতে হবে এমন কোনও কারণ দেখি না। আর সেকারণেই এ নিয়ে আমার ক্ষমা চাওয়ার কিছু নেই।”
ইউক্রেইনের পশ্চিমা সামরিক জোট নেটোতে যোগদানের বিরুদ্ধে মের্কেল যে অবস্থান নিয়েছিলেন তা নিয়েও সমালোচনায় পড়েছেন তিনি।
তবে সেই সমালোচনার মুখেও নিজ অবস্থানে অটল থেকে মের্কেল বলেছেন, ২০০৮ সালে নেটোতে আনুষ্ঠানিকভাবে ইউক্রেইনের যোগদানের বিরোধিতা তিনি করেছিলেন কারণ, তিনি চাননি রাশিয়ার সঙ্গে কোনও সংঘাত বাধুক; আর ইউক্রেইন তখন নিজস্বভাবে ততটা প্রস্তুতও ছিল না।
“আজ আমরা যে ইউক্রেইনকে চিনি তখন দেশটি সেরকম ছিল না। দেশটি স্থিতিশীল ছিল না এবং দুর্নীতিতে জর্জরিত ছিল,” বলেন মের্কেল।
