বার্লিনে ভিড়ের মধ্যে চলন্ত গাড়ি, নিহত ১
জার্মানির রাজধানী বার্লিনে লোকজনের ভিড়ে চলন্ত গাড়ি তুলে দেওয়ার এক ঘটনায় একজন নিহত হয়েছে।
দেশটির বহুল প্রচারিত দৈনিক বিল্ডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বার্লিনের দমকল বিভাগের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছে।
পুলিশ বলেছে, “এক ব্যক্তি একদল লোকের ওপর গাড়ি তুলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি দুর্ঘটনা না ইচ্ছাকৃত ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
২০১৬ সালের ১৯ ডিসেম্বর বার্লিনের যে এলাকায় ব্যর্থ তিউনিসিয়ান অভিবাসন প্রত্যাশী আনিস আমরি একটি ট্রাক ছিনতাই করে চালককে হত্যা করেছিল এবং ট্রাকটি চালিয়ে নিয়ে বার্লিনের একটি জনাকীর্ণ ক্রিসমাস মার্কেটের ভেতর ঢুকে পড়ে আরও ১১ জনকে হত্যা ও বহু লোককে আহত করেছিল- তার কাছেই এবারের ঘটনাটি ঘটেছে।
