বন্দর অবরোধে মারাত্মকভাবে ব্যাহত হবে ইউক্রেইনের শস্য রপ্তানি
ইউক্রেইনের কৃষ্ণসাগরের বন্দরগুলোতে রাশিয়া অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানালে দেশটির শস্য রপ্তানি মাসে সর্বোচ্চ ২০ লাখ টনে নেমে আসবে।
ইউক্রেইনের কৃষি নীতি ও খাদ্য বিষয়ক উপমন্ত্রী তারাস ভায়সোৎস্কি মঙ্গলবার একথা বলেছেন।
ইউক্রেইন বর্তমানে বৈশ্বিক খাদ্য সংকট এড়াতে সড়ক, নদী এবং রেলপথে বিপুল পরিমাণ শস্য রপ্তানি করার চেষ্টা করছে। কিন্তু এই রুটগুলোতে শস্য রপ্তানির ওপর কড়াকড়ি আছে।
রাশিয়া ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসনের আগে দেশটি মাসে ৬০ লাখ টন শস্য রপ্তানি করত। ইউক্রেইনের কৃষ্ণসাগর বন্দরগুলো থেকে শস্যের চালান বন্ধ হওয়ার পর থেকে ২ কোটি টনেরও বেশি শস্য দেশটির মাটিতে আটকে আছে।
লন্ডনের ‘ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল’ (আইজিসি) সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে ভিডিও লিংকের মাধ্যমে ইউক্রেইনের কৃষি নীতি ও খাদ্য বিষয়ক উপমন্ত্রী ভায়সোৎস্কি বলেন, “আমার মনে হয় আমরা একটি গন্ডির মধ্যে পৌঁছে গেছি। আমরা একমাসে সর্বোচ্চ প্রায় ২০ লাখ টন শস্য রপ্তানি করতে পারি।”
তিনি বলেন, ইউক্রেইনে রাশিয়ার বন্দর অবরোধ যদি উঠেও যায় তারপরও কৃষ্ণসাগর এলাকার আশেপাশে জলসীমা নির্ধারণ করতে প্রায় ৬ মাস সময় লেগে যাবে। তার মানে বিশ্বের দেশগুলো কিছু সময়ের জন্য শস্য ঠিকমত পাবে না।
বিশ্বে শস্য রপ্তানিতে চতুর্থ বৃহত্তম দেশ ইউক্রেইন। মার্চে বিশ্বে গমের দাম রেকর্ড উচ্চ পর্যায়ে ছিল। খাবারের দাম বাড়ায় উন্নয়নশীল দেশগুলোজুড়ে বিক্ষোভ দানা বেঁধেছে এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির হার খবরের শিরোনাম হয়েছে।
ওদেসার মতো কৃষ্ণসাগরের বন্দরগুলো থেকে ইউক্রেইনের শস্যর চালান পাঠাতে জাতিসংঘ একটি চুক্তি করার চেষ্টা করছে। রাশিয়া বলেছে, তারা চায় সেই চুক্তির অংশ হিসাবে পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাক।
ইউক্রেইনের তৈলবীজ এবং ভেজিটেবল অয়েল রপ্তানি মে তে ৮০ শতাংশ বেড়ে মাসে ১৭ লাখ ৪৩ হাজার টন হলেও ২০২১ সালের মে মাসে রপ্তানির পরিমাণ যতটা ছিল তার চেয়ে এই পরিমাণ অনেক কম বলে মঙ্গলবার জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
