২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষোভ, সামলানোর চেষ্টা ভারতের

মহানবী হযরত মোহাম্মদকে (সাঃ) নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি দলীয় জ্যেষ্ঠ দুই কর্মকর্তার মন্তব্যের পর ঘরেবাইরে দেখা দেওয়া ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 05:43 PM

Updated : 02 Aug 2022, 01:43 PM

ওই মন্তব্যের জেরে দেশটির উত্তর প্রদেশের কানপুরে দাঙ্গার পর ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর মুম্বাইতে প্রতিবাদ আয়োজনের পরিকল্পনা হযেছে। 

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, কানপুরে ওই লোকদের গ্রেপ্তার করা হয় ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওই দুই কর্মকর্তার মন্তব্যে দেখা দেওয়া ধর্মীয় উত্তেজনা সামাল দেওয়ার চেষ্টার অংশ হিসেবে, কিন্তু ইতোমধ্যেই ভারত ও অন্যান্য রাষ্ট্রের মুসলিমদের মধ্যে তা ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই অবমাননাকর মন্তব্য অনুমোদন করার জন্য ভারত সরকারকে ক্ষমা চাইতে বলেছে কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, পাকিস্তান ও ইরান। এ নিয়ে সৃষ্ট কূটনৈতিক টানাপোড়েন সামাল দেওয়ার চেষ্টা করছেন ভারতের কিছু শীর্ষ কর্মকর্তা।

বিজেপি কর্মকর্তাদের ওই মন্তব্যের প্রতিবাদ জানাতে রোববার পারস্য উপসাগরীয় ও প্রতিবেশী দেশগুলো ভারতের রাষ্ট্রদূতদের তলব করে।

এক বিবৃতিতে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) বলেছে, “ভারতে ইসলামের প্রতি ঘৃণা ও অবমাননার এবং মুসলিমদের পদ্ধতিগত হয়রানির ক্রমবর্ধমান তীব্রতার প্রেক্ষাপটে এই অপমানগুলো করা হয়েছে।”

৫৭ দেশের এ প্রভাবশালী সংস্থাটি ভারতের কয়েকটি রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার কথা উল্লেখ করেছে এবং মুসলিমদের সম্পত্তি ধ্বংস করার মধ্য দিয়ে ভারতীয় সরকারের একপেশে দৃষ্টিভঙ্গী প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেছে।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী এক টুইটে ভারতীয় কর্মকর্তাদের ‘ধর্মীয় অবমাননাসূচক মন্তব্যের তীব্র নিন্দা’ জানিয়েছে। 

“আপত্তিকর এই আচরণ অত্যন্ত বেদনাদায়ক এবং পরিষ্কারভাবে ভারতে মুসলিম ও অন্যান্যদের বিরুদ্ধে ঘৃণার চরম মাত্রার ইঙ্গিতবাহী,” বলেছে তারা।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিজেপি কর্মকর্তাদের আক্রমণাত্মক মন্তব্য ও টুইট কোনোভাবেই ভারতীয় সরকারের দৃষ্টিভঙ্গী প্রতিফলিত করে না।

একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করায় বিজেপি তাদের একজন মুখপাত্র ও আরেক কর্মকর্তাকে বহিষ্কার করেছে।  

ভারতের ১৩৫ কোটি জনসংখ্যার ১৩ শতাংশ মুসলিম। মুসলিমবিরোধী ওই মন্তব্যের বিরুদ্ধে সোমবার দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছে।