২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে রয়টার্সের ২ সাংবাদিক আহত, চালক নিহত

ইউক্রেইনের পূর্বাঞ্চলে সংবাদ কর্মীদের বহনকারী গাড়িতে গুলির ঘটনায় রয়টার্সের দুই সাংবাদিক আহত ও চালক নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2022, 10:02 AM

Updated : 14 Jul 2022, 06:16 PM

শুক্রবার পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কের দিকে এগোনোর সময় ঘটনাটি ঘটে। এই শহরটিকে ঘিরে রাশিয়ার বাহিনীগুলোর সঙ্গে ইউক্রেইনীয় সেনাদের তীব্র লড়াই চলছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফটোগ্রাফার আলেকজান্দার এরমোচেঙ্কো ও ক্যামেরাম্যান পাভেল ক্লিমভ রাশিয়ার সমর্থিত বাহিনীর সরবরাহ করা একটি গাড়িতে করে সেভেরোদোনেৎস্ক ও এর ১০ কিলোমিটার উত্তরের শহর রুবিয়েজনের মধ্যবর্তী সড়কে রাশিয়ার অধিকৃত অংশে ভ্রমণের সময় হামলার মুখে পড়েন। 

রয়টার্স তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি; ইউক্রেইনের রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা রয়টার্সের ওই রিপোর্টিং ট্রিপের জন্য তাকে নিয়োগ দিয়েছিল।

এই ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ফোন করা হলেও তারা সাড়া দেয়নি। 

আহত এরমোচেঙ্কো ও ক্লিমভকে রুবিয়েজনের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুলির শার্পনেলের আঘাতে এরমোচেঙ্কোর ছোট একটি ক্ষত আর ক্লিমভের হাতে ফ্র্যাকচার হয়েছে।    

এক বিবৃতিতে রয়টার্সের একজন মুখপাত্র বলেছেন, “রয়টার্স তাদের ক্ষতির জন্য চালকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।”

ইউক্রেইনের পূর্বাঞ্চলের ছোট শিল্পশহর সেভেরোদোনেৎস্কের নিয়ন্ত্রণ নেওয়া জন্য রাশিয়ার বাহিনীগুলো কয়েক সপ্তাহ ধরে লড়াই করে চলছে। পুরো লুহানস্ক প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এই শহরটি দখল করা দরকার। 

রাশিয়ার বাহিনীগুলো শহরটির কেন্দ্রস্থলে পৌঁছে গেলেও বাকি অংশের প্রতিটি রাস্তার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। এতে উভয়পক্ষই প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এ পরিস্থিতি যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

রাশিয়ার দাবি, ইউক্রেইনকে ‘নাৎসিমুক্ত’ ও নিরস্ত্র করতে প্রতিবেশী দেশটিতে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে তারা।