২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কারাগারে ‘মাদক সম্রাট’ গিলবার্তোর মৃত্যু

কলাম্বিয়ার এক সময়কার শক্তিশালী ‘কালি’ মাদক পাচার চক্রের প্রধান গিলবার্তো রদ্রিগেজ ওরেজুয়েলা যুক্তরাষ্ট্রের কারাগারে মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2022, 10:17 PM

Updated : 14 Jul 2022, 06:14 PM

এই মাদক সম্রাট একসময় বিশ্বের কোকেন বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করতেন। কলাম্বিয়ান ‘মাদক সম্রাট’ পাবলো এসকোবারের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি।

বিবিসি জানায়, মৃত্যুকালে গিলবার্তোর বয়স হয়েছিল ৮৩ বছর। অন্যান্য প্রতিদ্বন্দ্বী এবং আইনের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার কারণে ‘দাবাড়ু’ নামে পরিচিতি পেয়েছিলেন তিনি।

তবে ১৯৯৫ সালে দুর্ভাগ্যে পড়েন গিলবার্তো। ওই বছরই কলাম্বিয়ায় গ্রেপ্তার হন তিনি। ২০০৪ সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

নর্থ ক্যারোলাইনার কারাগারে ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। গত মঙ্গলবার অসুস্থ হয়ে সেখানেই তিনি মারা যান বলে জানিয়েছে তার পরিবার।

প্রভাব-প্রতিপত্তির শিখরে থাকার সময় গিলবার্তো রদ্রিগেজ তার ভাই মিগুয়েল রদ্রিগেজকে নিয়ে কালি নামক ওই শক্তিশালী মাদক পাচার চক্র চালাতেন।

যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) তথ্যানুযায়ী, ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে বিশ্বের মোট কোকেন বাণিজ্যের ৮০ শতাংশই ছিল এই কালি চক্রের।

১৯৯৩ সালে কলাম্বিয়ার মেডেলিন কার্টেলের নেতা পাবলো এসকোবার পুলিশের হাতে খুন হওয়ার পরই কোকেন বাণিজ্যে একচেটিয়া নিয়ন্ত্রণ চলে এসেছিল গিলবার্তোর হাতে।